
ফিরহাদ হাকিম
শেষ আপডেট: 7 February 2025 19:05
দ্য ওয়াল ব্যুরো: কল্যাণীতে বাজিকারখানায় বিস্ফোরণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় কাউন্সিলরও বলছেন তিনি নাকি জানতেন না এলাকায় এরকম বেআইনি ফ্যাক্টরি রয়েছে।
শুক্রবার 'টক টু মেয়র' কর্মসূচি সেরে মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, "এই কারখানার লাইসেন্স আছে কি না সেটা আমার জানা নেই। যদি না থাকে তাহলে অন্যায় হয়েছে। অনেক সবুজ বাজি আমরা দেখছি।"
এদিন দুপুরে কল্যাণীর রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যাঁদের নাম বাসন্তী চৌধুরী, অঞ্জলি বিশ্বাস, রুমা সোনার এবং দুর্গা সাহা। এক মহিলা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর নাম উজ্জ্বলা ভুঁইয়া।
পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই দোকানে আতসবাজি বিক্রির অনুমতি ছিল ঠিকই। কিন্তু দোকানের আড়ালেই অবৈধ ভাবে বাজির কারখানা চলত।
এদিকে স্থানীয় সূত্রে খবর বিস্ফোরণে জখম হয়েছেন দোকানের মালিক খোকন বিশ্বাসও। তিনি আবার হাসপাতালে না গিয়ে পালিয়েছেন।
এতদিন ধরে পুলিশ-প্রশাসনের নাকের ডগায় বসে কী করে বেআইনি কারখানা চলছিল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনি বলেন, "এ রকম কিছু ঘটনা ঘটলে তখন পুলিশ ব্যবস্থা করে। পুলিশ সবটাই জানত। এর থেকেই বোঝা যায়, রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।"