
শেষ আপডেট: 9 November 2023 14:15
দ্য ওয়াল ব্যুরো: জাল নোট ঠেকাতে নোট বদল করেছিল কেন্দ্র। এমনকী নতুন ২ হাজার টাকার নোটও জাল হতে শুরু করায় সেই নোট বন্ধও করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় নোট ৫০০ টাকা। সেই নোটও বিপুল পরিমাণে জাল করার অভিযোগ ছিল। এবার হাতে নাতে তার প্রমাণ পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কলকাতার নারকেলডাঙা থানা এলাকা থেকে এক নোট পাচারকারীকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতর কাছ থেকে ৫০০ টাকার ২ হাজার ৪০০টি জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। ১২ লক্ষ টাকার এই জাল নোট সীমান্ত পথে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আলফাজ শেখ (২৩)। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদহের বৈষ্ণবনগরের মোহনপুরের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই কলকাতার নারকেলডাঙা থানা এলাকায় ভাড়ার বাড়িতে থাকত অভিযুক্ত। নোট পাচারের জন্যই সীমান্ত থেকে সে কলকাতায় এসেছিল বলে মনে করছে এসটিএফ। ঘটনার নেপথ্যে আন্তঃদেশীয় কোনও চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সূত্রের খবর, ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, শীঘ্রই ওই জাল নোট ছাড়া হত কলকাতায়। এই নোটগুলি কবে, কীভাবে, কোথা থেকে এসেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আগেও এভাবে বাজারে জাল নোট ছাড়া হয়েছিল, সেটাও দেখা হচ্ছে। বৃহস্পতিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে এসটিএফ নিজেরে হেফাজতে চেয়ে আবেদন জানায়।
এর আগে গত সেপ্টেম্বরে ইডেন গার্ডেন্সের কাছ থেকে ব্যাগ ভর্তি জাল নোট-সহ এক পাচারকারীকে গ্রেফাতর করেছিল কলকাতা পুলিশ। কাকতালীয়ভাবে ওই পাচারকারীরও বাড়ি মালদহে। তাঁর কাছ থেকে দেড় লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা।