
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 7 October 2024 14:20
দ্য ওয়াল ব্যুরো: জয়নগর নিয়ে জনস্বার্থ মামলায় এখুনই অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির বক্তব্য, আগে ময়নাতদন্ত হতে দিন। সবে মাত্র তদন্ত শুরু হয়েছে এখনই আলাদা কোনও নির্দেশ নয়। আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় এবং অনামিকা পাণ্ডে প্রশ্ন তোলেন 'কেন পুলিশ প্রথমে পকসো ধারা রুজু করেনি?' এই অভিযোগ জানিয়ে মামলার দৃষ্টি আকর্ষণ করতে চান তাঁরা। প্রয়োজনে ছুটির পর এই মামলা নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। জরুরি ভিত্তিতে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে রবিবার শুনানি হয়। সেখানে বিচারপতি প্রশ্ন তোলেন, ‘১০ বছরের একটি মেয়ে। অথচ পুলিশ পকসো আইনে মামলা রুজু করেনি কেন? এর পরই বিচারপতি পকসো আইনের ধারা যুক্ত করে দেওয়ার নির্দেশ দেন। আর এবার সেই ঘটনার কথা উল্লেখ করেই জনস্বার্থ মামলা করার আর্জি করেন আইনজীবীরা। কিন্তু এখনই সেই অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত, আজ বেলা পৌনে ১২টার মধ্যে পুলিশকে হাসপাতালে দেহ নিয়ে যাওয়ার নির্দেশ মোতাবেক মোমিনপুরের কাঁটাপুকুর মর্গ থেকে সোমবার সকালেই দেহ নিয়ে গাড়ি রওনা দেয় কল্যাণীর উদ্দেশে। পৌনে ১০টা নাগাদ সেই গাড়ি কল্যাণীতে পৌঁছয়।
কল্যাণী এমসে ময়নাতদন্ত সম্পন্ন হলে দেহ নিয়ে আসা হবে জয়নগরে। সেখানে শিশুর শেষকৃত্য সম্পন্ন হবে। তাই ওই সময় যাতে কোনও রকম উত্তেজনা না ছড়ায় সেই কারণে পুলিশে পুলিশে ছয়লাপ করে রাখা হয়েছে গোটা এলাকা। এর আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেন ময়নাতদন্ত হয়, সেই দাবি জানিয়েছিলেন মৃত ছাত্রীর বাবা। সেই দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ।