
বিচারপতি অমৃতা সিনহা
শেষ আপডেট: 1 May 2025 19:12
দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারের দিনহাটা (Dinhata) থানা এলাকায় প্রাথমিকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের ঘটনায় নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বুধবার বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন, অবিলম্বে নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তা দিতে হবে। নির্যাতিতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছিল। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি।
ঘটনা হল, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মহিলার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে ঠকানো এবং ধর্ষণের অভিযোগ ওঠে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। যিনি আবার স্থানীয় অঞ্চল সভাপতি। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছিল, দিনহাটার এক মহিলাকে চাকরির টোপ দেন ওই তৃণমূল নেতা। অভিযোগ, মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি দেবেন বলে প্রথমে তাঁর বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা নেন তিনি। তার পর দীর্ঘ সময় কেটে যায়। চাকরি আর হয়নি।
গত ১৪ মার্চ ওই মহিলাকে খবর দেওয়া হয়, তাঁর চাকরির ইন্টারভিউ রয়েছে, তাই দেখা করতে হবে। সেইমতো তৃণমূল নেতার সঙ্গে দেখা করেন ওই মহিলা। অভিযোগ, তাঁকে গাড়ি করে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে ভয় দেখিয়ে ধর্ষণ করেন তৃণমূল নেতা।
শুধু তাই নয়, ধর্ষণের সময়কার ছবি এবং ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করেন অভিযুক্ত। মহিলাকে হুমকি দেওয়া হয়, টাকা ফেরত চাইলে তাঁর স্বামীকে ওই সব ছবি এবং ভিডিও পাঠিয়ে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। তাই ভয়ের চোটে প্রথমে মুখ খুলতে পারেননি 'নির্যাতিতা'।
পরে মেয়ের কাছে সবটা শুনে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন বাবা। থানায় গিয়েছিলেন মহিলা নিজেও। সব শুনে পুলিশ পদক্ষেপ করে।
'নির্যাতিতা'র অভিযোগ, ধর্ষণের পর তাঁকে মদ খাওয়ানোর জন্য জোরাজুরি করেন ওই তৃণমূল নেতা। তিনি তাতেও খেতে অস্বীকার করায় রেগেমেগে মদের বোতল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন অভিযুক্ত।
সেই মামলাই বৃহস্পতিবার আদালতে উঠলে, নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।