
শেষ আপডেট: 22 August 2022 12:33
দ্য ওয়াল ব্যুরো: সোমবার ভরদুপুরে খাস কলকাতায় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল (Kolkata Explosion)। বেলেঘাটা এলাকায় মাটি খুঁড়তেই ঘটে ব্যাপক বিস্ফোরণ। এই বিস্ফোরণে উড়ে গেছে এক শ্রমিকের হাত। জখম স্থানীয় আরও এক। আহতদের এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
ঘটনাটি ঘটেছে বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের সরকার বাজারের বালির মাঠ এলাকায়। জানা গেছে, এই এলাকায় একটি ফ্ল্যাট তৈরির কাজ চলছিল। সেই কাজের জন্য মাটি খোঁড়া হচ্ছিল। সেই সময় হঠাৎই বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
আরও খবর, শব্দ শুনে ছুটে এসে স্থানীয়রা দেখেন ওই ফ্ল্যাটের জমিতে দু'জন আহত অবস্থায় পড়ে আছেন। তাঁদের মধ্যে একজনের হাত কব্জি থেকে উড়ে গেছে। তৎক্ষনাৎ খবর দেওয়া হয় বেলেঘাটা থানায়। পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় এনআরএস হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, যে শ্রমিকের হাত উড়ে গেছে তাঁর নাম লোকনাথ। এই বিস্ফোরণে তন্ময় প্রামাণিক নামে স্থানীয় এক ব্যক্তিও আহত হন। ঘটনাস্থলে এসে পৌঁছেছে লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকরা। পুলিশের প্রাথমিক অনুমান, সকেট বোমা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে।
দিনেদুপুরে এমন জনবহুল এলাকায় বিস্ফোরণ হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল? কারা এর সঙ্গে জড়িত রয়েছে সবই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর
শুভেন্দুর কনভয় দুর্ঘটনার কবলে, ট্রাকের ধাক্কায় খুলে গেল চাকা