টালা প্রত্যয় পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, 'এই উদ্যোগ আমাদের প্রমাণ করবে যে উৎসব মানেই পরিবেশের ক্ষতি নয়। প্রযুক্তির মাধ্যমে পরিবেশবান্ধবভাবে দুর্গোৎসব আয়োজন করা সম্ভব।

পুজো মণ্ডপে বর্জ্য থেকে জ্বালানি! ছবি: এআই নির্মিত।
শেষ আপডেট: 16 September 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোয় প্যান্ডেল (Durga Puja Pandal) আলোর ঝলকানি যতই থাকুক, মণ্ডপ ঘিরে ছড়িয়ে থাকা আবর্জনা বারবার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। উত্তর কলকাতার জনপ্রিয় পুজো টালা প্রত্যয় এই বছর সাজছে এক নতুন ভাবনায়। আয়োজকরা ঠিক করেছেন, এবারের দুর্গোৎসব হবে একেবারেই 'শূন্য বর্জ্যের উৎসব'।
এই পুজো প্রাঙ্গণেই বসানো হবে একটি ডিসেন্ট্রালাইজড ওয়েস্ট-টু-ফুয়েল ইউনিট, যা খাবার, প্লাস্টিক, কাগজ, ফুল থেকে শুরু করে সাজসজ্জার যাবতীয় বর্জ্য প্রক্রিয়াকরণ করবে। এই সমস্ত বর্জ্য থেকে তৈরি হবে সলিড ফুয়েল, যা কয়লা বা কাঠের মতোই শক্তিশালী, তবে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জ্বালানি। পাশাপাশি, খাবারের বর্জ্যের ভেতরে থাকা আর্দ্রতা থেকে আলাদা করা হবে পরিষ্কার জল, যা পুনর্ব্যবহার করা যাবে।
এক সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, আপাতত পরীক্ষামূলকভাবে পাঁচ টন বর্জ্য প্রক্রিয়াকরণের লক্ষ্য নিয়ে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। যদি সফল হয়, ভবিষ্যতে কলকাতার বাইপাস বা হাইওয়ের ধারে ধারে এ ধরনের যন্ত্র বসানো হবে। সেখান থেকে বর্জ্য সংগ্রহ করে তা থেকে তৈরি হবে শক্ত জ্বালানি।
মেয়রের কথায়, এই প্রক্রিয়ায় যে কয়লা তৈরি হবে, তা সহজেই কাজে লাগানো যাবে তাপবিদ্যুৎ কেন্দ্র, ফার্নেস, সিমেন্ট কারখানা কিংবা অন্যান্য শিল্পক্ষেত্রে। সবচেয়ে বড় সুবিধা হল, বর্জ্য আলাদা করে ট্রাকে করে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। ফলে সময় বাঁচবে, খরচ কমবে এবং পরিবেশও থাকবে অনেকটা সুরক্ষিত।
টালা প্রত্যয় পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, 'এই উদ্যোগ আমাদের প্রমাণ করবে যে উৎসব মানেই পরিবেশের ক্ষতি নয়। প্রযুক্তির মাধ্যমে পরিবেশবান্ধবভাবে দুর্গোৎসব আয়োজন করা সম্ভব। পরিচ্ছন্ন শক্তি উদ্ধার, বর্জ্য পুনর্ব্যবহার এবং উৎসবের মাঠ-মণ্ডপকে স্বাস্থ্যকর রাখার মধ্য দিয়েই আমরা দায়িত্বশীল উদযাপনের নতুন মানদণ্ড তৈরি করতে চাই।'