দ্য ওয়াল ব্যুরো: কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে দুই বাঙালি অভিযাত্রীর প্রাণ হারানোর খবর এসে পৌঁছনোর পর ২৪ ঘণ্টাও কাটল না। আরও একটি দুঃসংবাদের মুখোমুখি বাংলার পর্বতারোহী মহল। সূত্রের খবর, নেপালের মাকালু শৃঙ্গে অভিযানে গিয়ে নিখোঁজ হয়েছেন বাঙালি পর্বতারোহী দীপঙ্কর ঘোষ।
নেপালের সংবাদপত্র 'হিমালয়ান টাইমস' সূত্রের খবর, সেভেন সামিট ট্রেকস নামের পর্বতারোহণ আয়োজন সংস্থার মালিক মিংমা শেরপা জানিয়েছেন, পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু আরোহণে গিয়ে ক্যাম্প ফোর অর্থাৎ সামিট ক্যাম্পের ওপরে নিখোঁজ হয়েছেন দীপঙ্কর ঘোষ। সম্ভবত, বৃহস্পতিবার সামিট করে নেমে আসার সময়েই ঘটেছে ঘটনাটি।
উদ্ধার অভিযানও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মিংমা শেরপা, কিন্তু প্রাথমিক খোঁজের পরেও দীপঙ্করের কোনও সন্ধান মেলেনি বলেই জানিয়েছেন মিংমা। তবে আবহাওয়া খারাপ হওয়ার কারণে ৫২ বছরের দীপঙ্কর কোনও সমস্যায় পড়েন, নাকি শারীরিক কোনও অসুস্থতা দেখা দিয়েছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত করতে পারেননি কেউই।
২০১১ সালে এভারেস্ট আরোহণ করেন দীপঙ্কর। এর পরে কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মানাসলু ও ধৌলাগিরি শৃঙ্গ আরোহণের সাফল্যও পান তিনি।
আরও পড়ুন...
https://www.four.suk.1wp.in/dipankar-ghosh-is-missing-in-makalu-agency-says-no-rescue-can-be-sent-before-22nd-may/