
শেষ আপডেট: 16 April 2022 02:28
দ্য ওয়াল ব্যুরো: আর জেলা নয়, এবার খাস কলকাতা (Kolkata Child Harassment)। একবালপুর এলাকায় আট বছরের এক শিশুকন্যাকে দিনের পর দিন যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার রাতে শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেন। দু'সপ্তাহ ধরে এই জঘন্য কাজ করেছে ওই প্রতিবেশী, জানিয়েছেন শিশুটির মা। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশীকে।
আরও পড়ুন: মুম্বইতে লাইনচ্যুত পুদুচেরি এক্সপ্রেসের তিনটি বগি! পাশের ট্রেনের সঙ্গে সংঘর্ষ
শিশুটির মা থানায় গিয়ে জানান প্রমোদ পাসোয়ান নামের এক প্রতিবেশী মাঝেমধ্যেই নাকি তাঁর এক মেয়েকে নিজের কাছে ডেকে নিত (Kolkata Child Harassment)। বেশ কিছুক্ষণ নিজের ঘরে রেখেও দিত বলে অভিযোগ। কিন্তু সে যে এই পাশবিক কাজ করে চলেছে দিনের পর দিন তা বুঝতে পারেননি বলে জানিয়েছেন বাচ্চাটির মা। দিন পনেরো এভাবেই চলার পর যখন টনক নড়েছে তখনই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
শিশুটির মা জানিয়েছেন, বেশ কিছুদিন এমন চলার পর তাঁর সন্দেহ হয়। তখনই মেয়েকে তা নিয়ে প্রশ্ন করেন তিনি। বেরিয়ে আসে প্রতিবেশীর কীর্তি।
শিশুটির সঙ্গে কথা বলে তাঁর মা জানতে পেরেছেন, প্রতিবেশী লোকটি রোজ তার ঘরে বাচ্চাটিকে ডেকে নিয়ে গিয়ে তার যৌনাঙ্গ স্পর্শ করত। দীর্ঘদিন ধরে চলছিল এই যৌন হেনস্থা। কিন্তু বাচ্চাটিকে এ নিয়ে মুখ খোলার ব্যাপারে ভয় দেখিয়েছিল সে। তাই এতদিন শিশু কিছুই বলেনি কাউকে।
শুক্রবার রাতেই প্রমোদ পাসোয়ানকে গ্রেফতার করেছে একবালপুর থানার পুলিশ। এছাড়া বাচ্চা মেয়েটিকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় মেডিকেল পরীক্ষার জন্য।