
শেষ আপডেট: 18 April 2023 08:09
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় অ্যাপ ক্যাব (App cab) চালকের হাতে হেনস্থার শিকার যাত্রী। হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন বলে ক্যাব বুক করেছিলেন এক মহিলা চিকিৎসক। কিন্তু কলকাতার ৪০ ডিগ্রি গরমেও নাকি এসি চালাতে রাজি হয়নি চালক, উল্টে মহিলাকে ক্যাব থেকে নেমে যেতে বলেন তিনি। কিন্তু বিকল্প ক্যাব চালক না আসা পর্যন্ত নামতে রাজি হননি মহিলা। তাতেই দীর্ঘক্ষণ ওই মহিলাকে রাস্তায় ইচ্ছাকৃতভাবে ঘোরাচ্ছিল চালক। অভিযোগ জানাতেই রীতিমতো পিছু ধাওয়া করে চালককে ধরে আটক করল পূর্ব যাদবপুর থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার কলকাতার ইএম বাইপাসের (EM Bypass) উপর মুকুন্দপুরের কাছে। ওই মহিলা মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। তাঁর বাড়ি লেক টাউনে। শুক্রবার রাত ৯টা নাগাদ হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য একটি অ্যাপ ক্যাব বুক করেন তিনি। গাড়িতে ওঠার পর দেখা যায়, এসি চালায়নি চালক। তাকে এসি অন করতে বললে সে তা করতে অস্বীকার করে। ওই চিকিৎসক যখন জানান, তিনি এসির জন্য টাকা দিয়েছেন, তখন সেই নিয়ে কথা কাটাকাটি শুরু হয় দুজনের মধ্যে।
এরপরেই ওই চালক রাইড বাতিল করে দেয় এবং মহিলাকে ক্যাব থেকে নেমে যেতে বলে। ওই চিকিৎসক জানান, অনেক রাত হয়েছে যেহেতু, তাই অন্য ক্যাব না আসা পর্যন্ত গাড়ি থেকে নামবেন না তিনি। অভিযোগ, এরপরেই গাড়ি বাইপাসে উঠতেই ইউ-টার্ন নিয়ে উল্টোদিকে গড়িয়ার দিকে যেতে শুরু করে চালক। আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে ১০০ ডায়াল করে পুলিশে খবর দেন মহিলা। যখন তিনি পুলিশকে গাড়ির নম্বর জানাতে যান, তখন ওই চালক আরও অসহযোগিতা করতে শুরু করে বলে অভিযোগ।
এরপর পুলিশ পেট্রল ভ্যান কোনওভাবে গাড়িটির লোকেশন ট্র্যাক করে সেটির পিছু ধাওয়া করে। বেশ কিছুক্ষন তাড়া করার পর সেটিকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। চালককে আটক করে পূর্ব যাদবপুর থানার পুলিশ।
যদিও অভিযুক্ত চালকের দাবি, রাইড ক্যানসেল করার পর সে মহিলাকে মুকুন্দপুরের হাসপাতালে নামিয়ে দেবে বলে গাড়ি ঘুরিয়েছিল। ঘটনায় তাকে বেশ কিছু টাকা জরিমানা করার পর সতর্ক করে ছেড়ে দিয়েছে পুলিশ। ঘটনায় অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে যোগাযোগ করে ওই চালকের তথ্য যাচাই করছেন পুলিশকর্মীরা।
যৌনাঙ্গ দেখে কাউকে নারী বা পুরুষ বলা যায় না, মত প্রধান বিচারপতির