দ্য ওয়াল ব্যুরো: মধ্য লন্ডনের কেনসিংটনে সোনি মিউজ়িকের হেড অফিসে ছুরি নিয়ে হামলা করল এক যুবক। প্রাথমিক খবরে জানা গেছে, অন্তত দুজন জখম হয়েছেন। স্কটল্যান্ড ইয়ার্ডের মুখপাত্র জানিয়েছেন, কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। এই মুহূর্তে ঘটনাটিকে জঙ্গি হামলা বলতে রাজি নয় লন্ডন পুলিশ।
পুলিশ জানিয়েছে, লন্ডনে তখন সকাল এগারোটা। ডেরি স্ট্রিটে সোনি মিউজ়িকের অফিস থেকে তাঁদের কাছে এই হামলার খবর আসে। এই ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অফিসটি খালি করে দেওয়া হয়েছে। আহত দুজনের অবস্থা এখনও জানা যায়নি।
মধ্য লন্ডনের ওই জায়গা বিরাট পুলিশবাহিনী ঘিরে রেখেছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি লাল জ্যাকেট পরা এক জনকে মাটিতে চেপে ধরতে দেখেছেন পুলিশকে। সম্ভবত সে-ই হামলাকারী।