
শেষ আপডেট: 14 April 2023 16:03
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল এমন একটা মঞ্চ যেখানে প্রতিদিন নায়কের জন্ম হয়। শুক্রবার ইডেনে হল এমনই একজন নায়কের, তিনি ব্রিটিশ তারকা হ্যারি ব্রুক (Harry Brook)। তিনিই যেন সানরাইজার্স হায়দরাবাদ (KKR Vs SRH) দলের হ্যারি পটার। একাই নাইটদের বোলিংকে ধ্বংস করে দিলেন এই তরুণ ওপেনার।
মূলত তাঁর ব্যাটিং তাণ্ডবে কেকেআর ঘরের মাঠে বেসামাল হয়ে গিয়েছে। তাদের জিততে গেলে করতে হবে ২২৯ রান। ২০ ওভারে নিজামের শহর তুলেছে ২২৮/৪। ব্রুক ৫৫ বলে সেঞ্চুরি করেছেন। ওই রানেই তিনি অপরাজিত ছিলেন। হ্যারির ইনিংসে রয়েছে ১২টি চার ও তিনটি ছক্কা।
কলকাতাসহ সারা বাংলায় নজিরবিহীন তাপপ্রবাহ চলছে। এত গরম গত পাঁচবছরে দেখা যায়নি। মনে হচ্ছে মরুশহরে রয়েছেন মানুষ। তার মধ্যে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ফের সূর্যোদয় ঘটালেন হ্যারি ব্রুক। তিনি যে ইনিংস খেলেছেন, তামাম ইডেন দর্শকরা কোনওদিন ভুলবেন না। তিনি একাই শাসন করেছেন। পাশাপাশি দলের নেতা মাক্রামও খেলেছেন ২৬ বলে ঝোড়ো ৫০ রান।
নাইটদের বোলারদের মধ্যে সফল হয়েছেন চোট পেয়ে মাঠ ছাড়া ক্যারিবিয়ান পেসার আন্দ্রে রাসেল। তিনি তিন উইকেট নিলেও পায়ে টান ধরায় বেরিয়ে যান।
ঘরের মাঠে চেনা খাসতালুকে কেন টসে জিতে কেকেআর প্রথমে ব্যাটিং নিল না, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ আগে ব্যাটিং করে বিপক্ষের ঘাড়ে রান চাপাতে পারলে অর্ধেক কাজ শেষ হয়ে যেত। কিন্তু শুরুতে বোলিং নিয়ে বিপক্ষের হাতে ম্যাচের রাশ দিয়ে দিয়েছে।
তার মধ্যে দলের নেতা নীতিশ রাণার বোলিং পরিবর্তন নিয়েও উঠেছে বিতর্ক। সূয়াস এক ওভারে ২২ রান দেওয়ার পরেও তাঁকে ফের বোলিংয়ে এনেছেন। তিনি বরুণকে ব্যবহারই করতে পারলেন না ম্যাচে।
রাসেল ‘দৈত্য’ জেগেছেন! ইডেনে প্রথম ওভারেই ক্যারিবীয় তারকা পেলেন দুই উইকেট