
শেষ আপডেট: 28 April 2023 13:37
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস (Litton Das) দেশে ফিরে গেলেন। তিনি আইপিএলে কেকেআরের হয়ে একটি ম্যাচ খেলেছেন। বাংলাদেশের এই তারকার পারিবারিক কোনও সমস্যা হয়েছে, তেমনই জানানো হয় দলের তরফ থেকে। তিনি এদিন প্র্যাকটিসেও নেমেছিলেন। দেশ থেকে খবর আসতেই তাঁকে বিমানবন্দর ছুটতে হয় দেশে ফেরার জন্য। কলকাতা বনাম গুজরাত (KKR Vs GT) ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা ছিল।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতেও সফল হননি তিনি। গুরবাজের বদলে খেলতে নেমেছিলেন। ব্যাট হাতে মাত্র চার রান করেন সেই ম্যাচে। হতশ্রী উইকেটরক্ষাও করেছিলেন। দুটি স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। তারপর আর কোনও ম্যাচে লিটনকে খেলায়নি দল।
কেকেআরের তরফে অবশ্য লিটনের চলে যাওয়ার কারণ হিসেবে পারিবারিক কারণ বলা হয়েছে। পরিবারের কেউ গুরুতর অসুস্থ হয়েছেন, এমনই ভাবা হচ্ছে। তাঁকে আগামী দিনের জন্য শুভকামনাও জানানো হয়েছে। সেক্ষেত্রে লিটন যে আর ফিরবেন না, সেটি পরিষ্কার হয়ে গিয়েছে।
আইপিএল খেলতে আসেননি শাকিব। লিটন প্রথম বার আইপিএল খেলতে এলেও নজর কাড়তে পারেননি। মে মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ বাংলাদেশের। সেই জন্য ৩০ এপ্রিলই তাঁর বাংলাদেশ চলে যাওয়ার কথা। তার আগে বাংলাদেশে চলে যাওয়ার কারণ হিসেবে তিনি পারিবারিক কারণ দেখিয়েছেন।
এদিকে, শনিবার বিকেলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআর দলে নাও থাকতে পারেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। দু’জনের কেউই ফর্মে নেই। রাসেলের ব্যাটে রানের খরা চলছে। নারিন বোলিং ও ব্যাটিং দুটিতেই ব্যর্থ। তাঁদের খেলানো নিয়ে অনবরত আলোচনা চলছে। বলা হচ্ছে, কোটার ভিত্তিতে দলে টিকে রয়েছেন দুই ক্যারিবিয়ান তারকা।
ধোনিই ঘরের শত্রু বিভীষণ! জিতে মাহিকে ‘গুরুদক্ষিণা’ দিলেন যশস্বী