
শেষ আপডেট: 23 April 2023 16:00
দ্য ওয়াল ব্যুরো: ইডেন গার্ডেন্সের পিচের চরিত্র কী করে বুঝবেন নীতিশ রাণা। তাঁর সঙ্গে তো কলকাতার (KKR Vs CSK) এই মাঠের নাড়ির কোনও টান নেই। দলের মধ্যে এমন কেউ নেই যে তিনি বলে দেবেন ইডেনে টসে জিতলে ব্যাটিং করলে অনেক সুবিধে।
সেটা হয়তো শাপে বর হতে চলেছে চেন্নাই সুপার কিংসের। ধোনি (M S Dhoni) মনে হয় টসে জিতলে আগে ব্যাটিংই করতেন। সেটি সুবিধে হয়ে গিয়েছে কেকেআর টসে জিতে প্রথমে বোলিং নেওয়ায়। চেন্নাই করেছে ২৩৫ রান চার উইকেটের বিনিময়ে। এটি ইডেনে আইপিএলের সর্বোচ্চ রান।
১৫ ওভারে সিএসকে সেইসময় ১৬০ রান। তার মানে যেভাবে খেলেছে তাতে বাকি ৩০ বলে ৫৫ রান আসেই। চেন্নাইয়ের ব্যাটারদের ব্যাটে যেন রানের বর্ষা। ১৬ ওভারে ১৮৬ রান তুলেছিলেন রাহানেরা। তারপর শেষ করলেন রানের এভারেস্টে।
চেন্নাইয়ের শুরুর চার ব্যাটারই নিজেদের সেরা ফর্ম দেখিয়েছেন। কলকাতার বিরুদ্ধে ইডেনে ম্যাচ মানে বড় ম্যাচ। সেই লড়াইয়ে জিতে থাকা মানে কলজে চাই। সেই আবহে শুরু থেকেই দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড (২০ বলে ৩৫), ডেভন কনওয়ে (৪০ বলে ৫৬) দারুণ শুরু করার পরে আসল খেলা দেখিয়েছেন অজিঙ্ক্যা রাহানে ও শিবম দুবে (২১ বলে ৫০) মাতিয়ে দিয়েছেন মাঠ।
রাহানে ও দুবে মিলে শতরানের জুটি গড়েছেন। ধোনিদের অনেকটা এগিয়ে দিয়েছে এই জুটি। নাইট বোলারদের মধ্যে সূয়াস শর্মা ছাড়া বাকিরা সুবিধে করতে পারেননি। দলের অধিনায়ক রাণা মোট ৮জন বোলারকে দিয়ে বোলিং করিয়েছেন। কাজের কাজ কিছুই হয়নি।
রাহানে হলেন মুম্বই ঘরানার ক্রিকেটার। তিনি ব্যকরণসম্মত ক্রিকেট খেলেন, কিন্তু ধ্রুপদী খেলার মধ্যেও কী করে বিধ্বংসী হতে হয়, সেটি দেখিয়ে দিলেন তিনি। তাঁকে মনে হয় এবার টি ২০ ভারতীয় দলেও স্থান দেওয়া হবে। তাঁর প্রতিটি ছয় ও চার যেন বুকে বেধেছে নাইটদের। রাহানে করলেন ২৯ বলে ৭১ রান, তিনি আউট হননি। রাহানে ছয়টি চার ও ৫টি বিশাল ছক্কা মেরেছেন। তিনি দর্শকদের আনন্দ দিয়েছেন।
জাদেজা ৮ বলে ১৮ রান করে আউট হলেন বিগ সিক্স মারতে গিয়ে। ধোনি নামলেন শেষ দুটি বলের জন্য। তিনি নামতে ধোনি-ধোনি রব।
ধোনি জ্বরে আক্রান্ত কলকাতা, কোথায় কেকেআর! মাহি আবেগে গ্যালারি ভরল ইডেনে