
শেষ আপডেট: 1 April 2023 15:17
দ্য ওয়াল ব্যুরো: মোহালিতে (Mohali) কেকেআর (KKR Match) বনাম পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচে বহু ঘটনা। একবার ফ্লাড লাইটের আলো নিভে যাওয়ায় খেলা বন্ধ হয়ে যায়। তারপর চার ওভার খেলার বাকি থাকতে বৃষ্টি এসে খেলা বন্ধ করে দিয়েছিল।
পাঞ্জাবের ১৯১ রানের জবাবে নাইটরা ১৬ ওভার শেষে করেছে সাত উইকেটে ১৪৬ রান। ডাক-ওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী, সাত রানে হেরে গেল কেকেআর। যাও বা আশা ছিল, বরুণদেবের কৃপায় সব মাটি করে দিয়েছে জয়ের সম্ভাবনা। হার দিয়ে অভিযান শুরু করল কেকেআর। বীর-জারার লড়াইয়ে শেষ হাসি প্রীতি জিন্টার কিংসের।

একটা সময় নাইটদের খেলায় ৪২ বলে দরকার ছিল ৯২ রান।
আন্দ্রে রাসেল ও দলের ইমপ্যাক্ট বেঙ্কটেশ আইয়ার সেইসময় ব্যাটিং করছিলেন। তার মধ্যে রাসেলের ক্যাচ ফেলল কিংসের ফিল্ডার। রাসেল এমন ধ্বংসাত্মক ক্রিকেটার, যিনি ব্যাটিং করলে সবটাই সম্ভব। বেঙ্কটেশ তারপরে নাথান এলিসকে স্টেপ আউট করে ছয় মারলেন, যা দেখলে চোখ জুড়িয়ে যায়।

তবে আসল ভুলটা হয়েছে কেকেআরের দলগঠনে। দলের ওপেনার মনদীপ সিংকে ব্যবহার করা হয়েছে। তিনি ব্যর্থ হলেন। মনদীপের বাবা অ্যাথলেটিক্স কোচ ছিলেন। তিনি ছিলেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সহ অধিনায়ক। তারপরেও প্রথম একাদশে প্রথম ম্যাচে তাঁকে নামিয়ে দেওয়া ঝুঁকি হয়েছে।
নাইটদের বোলিংও ভাল হয়নি। নারিন, বরুণ, সাউদিদের মতো বোলারদেরও খুব সাধারণ দেখিয়েছে। যে কারণে পাঞ্জাব কিংস রানও তুলেছে দুশোর কাছাকাছি। ২০ ওভারে ১৯১ রান।
রাসেল শেষমেশ ১৯ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। পাশাপাশি বেঙ্কটেশও উজ্জ্বল ছিলেন, তিনি করেছেন ২৮ বলে ৩৪ রান। তবে পাঞ্জাবের বোলারদের মধ্যে পেসার অর্শদীপ সিং দেখালেন তিনি সত্যিই প্রতিভাবান। অর্শদীপের নামের পাশে ১৯ রানে তিন উইকেট। নাইটদের ব্যাটিংকে ভেঙে দিয়েছেন এই সর্দার। ম্যাচের সেরা তিনিই।
ধোনিই ‘বাদশা’ আইপিএলের, আয়ে এভারেস্টের শীর্ষে, জানেন কত উপার্জন চেন্নাই দলনেতার