
শেষ আপডেট: 14 April 2023 18:10
দ্য ওয়াল ব্যুরো: শেষ ১২ বলে দরকার ছিল ৪৮ রান। শেষ ওভারে সেটি কমে দাঁড়ায় ৩২ রানে।
গত গুজরাত ম্যাচে যদি শেষ ছয় বলে ৩১ রান তোলা যায়, এখানেই বা হবে না কেন! সেই নিয়ে ইডেনের রাতের গ্যালারিতে তুমুল আলোচনা চলছিল। তার মধ্যে দলের নেতা নীতিশ রাণা (Nitish Rana) আউট হলেন দুরন্ত ইনিংস শেষে ৪১ বলে ৭৫ রান করে। হার কেকেআরের (KKR Lost)। এই ২৩ রানে হারে লজ্জার কিছু নেই, বরং দাপটে খেলেছে তারা। হায়দরাবাদের ২২৮ রানের বিনিময়ে কেকেআর শেষমেশ করেছে ২০ ওভারে ২০৫/৭।
তাও আশা ছিল রিঙ্কু সিং উইকেটে ছিলেন বলে। তিনি বাইশগজে থাকা মানেই অপার বিস্ময়। তিনি সব পারেন, ১০ বলে করতে পারেন ৪০ রান! তাই কেকেআর সমর্থকরাও আশায় ছিলেন। কিন্তু সেটি হল না শেষমেশ। গুজরাত ম্যাচের মতোই প্রেক্ষাপট তৈরি হয়েছিল, কিন্তু প্রতিদিন যে রবিবার হয় না, সেটি প্রমাণিত। লড়েও হার কলকাতার।
এত বড় সংগ্রহকে নাইটরা ছোট করে আনতে পেরেছেন শুধুমাত্র রাণা ও রিঙ্কুর জন্য। তাঁদের প্রতাপে কেকেআর করেছে রান ২০৮ রান। রিঙ্কু খেললেন সেই গত ম্যাচের মতোই ইনিংস। ৩১ বলে ৫৮ রান করেছেন আলিগড়ের নবাব। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার ও চারটি মনমাতানো ছক্কা।
এদিনও শেষ ওভারে দরকার ছিল ৩২ রান। কিন্তু প্রতিদিন যে ওভাবে জেতানো যায় না, সেটি প্রমাণ হয়ে গেল। কিন্তু নাইট ব্যাটারদের লড়াই কেউ ভুলবে না। রাণা ও রিঙ্কু যে গতিতে রান তুলেছেন, সেটি নিদর্শণ হয়ে থাকবে।
বাংলায় অসহ্য তাপপ্রবাহ, ইডেনে ব্রুকের হাত ধরে ‘সূর্যোদয়’, বেসামাল নাইটদের লক্ষ্য ২২৯
কেকেআর দলের পক্ষে আন্দ্রে রাসেল পুরো ফ্লপ। তিনি বল হাতে তিন উইকেট নিলে কী হবে ব্যাট হাতে তাঁর ব্যাটে রানের দেখা নেই। প্রতি ম্যাচে রিঙ্কুরা জেতাবেন, ভাবাটা অন্যায়। রাসেলের ধারাবাহিকতা নেই, তার মধ্যে এদিন পায়ে যা চোট পেয়েছেন, তাতে বাকি ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা সংশয় তৈরি হয়েছে।
এই ম্যাচে যদিও হিরো হীরালাল একজনই, তিনি ব্রিটিশ তারকা হ্যারি ব্রুক। আইপিএলের প্রথম সেঞ্চুরি এল ব্রুকের ব্যাট থেকে। তিনি ৫৫ বলে সেঞ্চুরি করেছেন। পাশাপাশি দলের নেতা মাক্রাম করেছেন ২৬ বলে ৫০ রান। তাঁদের ব্যাটই দলের জয়কে সহজ করে দিয়েছে।