
শেষ আপডেট: 26 April 2023 18:42
দ্য ওয়াল ব্যুরো: পরপর চার ম্যাচ হারের পরে কলকাতা নাইট রাইডার্স (KKR) জয়ের পথে ফিরল। তারা চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘরের দল বেঙ্গালুরুকে হারিয়ে ফের লড়াইয়ে ফিরল। এই ম্যাচ না জিতলে কেকেআরের আশা শেষ হয়ে যেত। আট ম্যাচ খেলে কলকাতার পয়েন্ট ছয়। তারা তালিকায় চলে এল সপ্তম স্থানে।
বুধবার ম্যাচ জয়ের পরে কেকেআরের কোচ (KKR Coach) চন্দ্রকান্ত পণ্ডিত বলে দিয়েছেন, আমরা এই ম্যাচ যখন জিতেছি, তা হলে বাকি ম্যাচগুলিতেও দাপট রাখতে পারব। আমরা পরপর ম্যাচ জিতে প্লে অফে খেলার যোগ্যতা আদায় করে নেব।
কলকাতার নামী কোচ আরও বলেছেন, ‘কেকেআর আইপিএলের দ্বিতীয় পর্যায়ে সব হিসেব বদলে দেবে। সেই লড়াই আজ জিতে শুরু করল ছেলেরা। আমরা মনে করি, নিজেদের প্রতি বিশ্বাস রাখলে সবাই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে।’
কোচ হিসেবে তিনি সমর্থকদের আশ্বস্ত করেছেন দলকে সমর্থন করে যেতে। তিনি মনে করেন, ‘দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও যখন ছেলেরা ফিরে এসেছে, তারাও বাকি কাজ করেই শান্ত হবে।’ কেকেআর কোচ খুশি এদিনের পারফরম্যান্সে। বলেন, ‘দলের বোলিং ও ফিল্ডিং নিয়ে চিন্তা ছিল। সেই আশঙ্কার মেঘ কেটে গিয়েছে। এবার বাকি অর্ধে নিজেদের আরও ভাল করে মেলে ধরতে হবে।’
মধ্যপ্রদেশের কোচ হয়ে এসে কেকেআরের মতো হাই প্রোফাইল দলের কোচ হিসেবে সফল হবেন কিনা, সেই নিয়ে জল্পনা ছিল। সেই কাঁটাতার পেরিয়ে সাফল্যের রাজপথে পা রেখেছেন ঘরোয়া ক্রিকেটের নামী কোচ। তাই পণ্ডিত খানিক অভিমানী, তিনি জানিয়েছেন, ‘কলকাতার সমর্থক থেকে শুরু করে দলের ছেলেদের সমর্থন পাচ্ছি, এটাই আমার কাছে অনেক কিছু।’
ফের কলকাতার কাছে হার কোহলিদের, জিতে অক্সিজেন পেল শাহরুখের দল