
শেষ আপডেট: 1 June 2022 09:00
দ্য ওয়াল ব্যুরো: এসি কি খারাপ হয়ে গিয়েছিল নজরুল মঞ্চের? মাত্রাতিরিক্ত লোক ঢোকাতেই কি বিপত্তি? সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুর পর যখন নজরুল মঞ্চের ব্যবস্থা, আয়োজকদের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠছে তখন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা কলকাতার মেয়র ববি হাকিম কার্যত মেনেই নিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি (KK Death)।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ববি বলেন, “ওখানে (পড়ুন নজরুলমঞ্চে) ২৭০০ ক্যাপাসিটি। লোক ঢুকেছিল ৭০০০। এসি ঠিকই ছিল। কিন্তু ২৭০০ ক্যাপাসিটির এসিতে ৭০০০ লোক ঢুকে পড়লে নিঃশ্বাস-প্রশ্বাস তো গরম হবেই।”
কেন নিয়ন্ত্রণ করা গেল না?
সে ব্যাপারে মন্ত্রী বলেন, “কে কে যেখানেই যান ইয়ং ক্রাউড সেখানে ভিড় করে। আমি তো শুনলাম কালকে অনেকে পাঁচিল টপকেও ঢুকেছে। মানুষের উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করা যায়নি। কে নিয়ন্ত্রণ করবে। যাঁরা গান শুনতে গিয়েছেন, তাঁদের উপর তো পুলিশ লাঠি চালাবে না!”
কোনও কলেজকে ফেস্টের জন্য নজরুল মঞ্চ না দেওয়ার ব্যাপারে মঙ্গলবারই কেএমডিএ-এর তরফে তাঁর কাছে সুপারিশ গিয়েছিল বলে জানান ববি। তাঁর কথায়, “কলেজকে দিলে ওখানে চেয়ারের উপর উঠে নাচানাচি হয়। ফলে অনেক ক্ষতি হয়।"
প্রচণ্ড গরমই কি প্রাণ কাড়ল? হিট স্ট্রোকের চেয়েও বড় ভয় হার্ট অ্যাটাক
মঙ্গলবারের একাধিক ভিডিও ফুটেজ সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ভিড় ছত্রভঙ্গ করতে অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে কার্বনডাই অক্সাইড স্প্রে করা হচ্ছে। যদিও মন্ত্রী বলেছেন, ওটা স্টেজের কাছে নয়। স্টেজ থেকে অনেক দূরে দর্শকদের জায়গায় হয়েছে। স্টেজ পর্যন্ত তা পৌঁছয়নি।
তবে একটা মৃত্যু হলেই তা নিয়ে অযথা ‘বিতর্ক’ তৈরি করা নিয়ে সংবাদমাধ্যমের একাংশেও দুষেছেন ববি। তাঁর কথায়, “আপনারা কয়েকদিন কন্ট্রোভার্সি চালিয়ে যান। এই কয়েকদিন আগে লেকের মৃত্যু নিয়ে করলেন।” ববি এদিন এও বলেন, “মানুষের ডাক কখন আসবে, কখন হার্টটা পট করে বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারে না। এখন আমি কথা বলছি, একটু পরে আমি থাকব কিনা জানি না।”
ভিড়ের চাপ, তীব্র গরম, এসি বন্ধ, রাসায়নিক স্প্রে! কেকে-র মৃত্যুতে উদ্যোক্তাদের ত্রুটি নিয়ে সরব সকলে