দ্য ওয়াল ব্যুরো: কিমের সঙ্গে আলোচনায় বসছি। আগে যা ঠিক ছিল, সেই মতো ১২ জুন সিঙ্গাপুরেই বসব দু'জনে। সবাইকে চমকে দিয়ে এমনই ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র এক সপ্তাহ আগেই তিনি বলেছিলেন, বৈঠক বাতিল। তার পরে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন ব্যক্তিগতভাবে দূত পাঠিয়েছিলেন তাঁর কাছে। দূতের সঙ্গে কথা বলেই বদলে গেল ট্রাম্পের মত।
কিমের দূতের নাম জেনারেল কিম ইয়ং চোল। তিনি নিজের হাতে একটি চিঠিও তুলে দিয়েছেন ট্রাম্পের হাতে। ট্রাম্প একবার বলেছিলেন, চিঠিটা ভারী ইন্টারেস্টিং। পরে আবার বলেছেন, চিঠি খোলাই হয়নি।
কিমের সঙ্গে বসে কী নিয়ে কথা হবে, তাও কার্যত ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে কোরিয়ার যুদ্ধ শেষ করার কথা বলব। ১৯৫০ থেকে '৫৩ সাল পর্যন্ত চলা কোরিয়ার যুদ্ধের শেষে সংঘর্ষবিরতি জারি হয়েছিল। কিন্তু শান্তিচুক্তি হয়নি। এখনও পর্যন্ত সেখানে সংঘর্ষবিরতি জারি আছে। ট্রাম্প এতদিন বাদে আনুষ্ঠানিকভাবে শান্তি চান। কিমের সঙ্গে সেই নিয়েই আলোচনা করবেন বলে জানিয়েছেন।