দ্য ওয়াল ব্যুরো : অক্টোবরের শেষে মার্কিন ডেল্টা ফোর্সের হানার মুখে আত্মঘাতী হয়েছেন আইসিস প্রধান আবু বকর অল বাগদাদি। সোমবার জানা গেল, তুরস্কে গ্রেফতার হয়েছেন বাগদাদির বোন। তুরস্ক প্রশাসনের শীর্ষস্থানীয় এক অফিসার জানিয়েছেন, সিরিয়ার আজাজ নামে এক শহরে মৃত আইসিস প্রধানের বোন ধরা পড়েছেন। তাঁর নাম রাসমিয়া আওয়াদ। বয়স ৬৫। তাঁর স্বামী ও পুত্রবধূও একইসঙ্গে ধরা পড়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তুরস্ক প্রশাসনের ওই অফিসার জানান, ধরা পড়ার সময় রাসমিয়ার সঙ্গে ছিলেন তাঁর পাঁচ সন্তান। তাঁর কথায়, "আমরা আশা করছি বাগদাদির বোনকে জেরা করে আইসিস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারব।" যদিও কোনও নিরপেক্ষ সূত্র থেকে এখনও জানা যায়নি, যিনি ধরা পড়েছেন তিনি সত্যিই বাগদাদির বোন কিনা।
গত বৃহস্পতিবার আইসিস অডিও টেপ প্রকাশ করে জানিয়েছে, তাদের শীর্ষ নেতা সত্যিই মারা পড়েছেন। আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথাও বলা হয়েছে।
২০১৪ থেকে '১৭ সালের মধ্যে ইরাক ও সিরিয়ার বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করতেন বাগদাদি। তিনি নিজেকে খলিফা বলে দাবি করতেন। পরে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী আইসিসের অধীনে থাকা এলাকা পুনর্দখল করে। গত সপ্তাহে মার্কিন প্রশাসনের এক অফিসার জানিয়েছেন, আইসিসের নতুন নেতা সম্পর্কে তাঁরা খোঁজখবর নিচ্ছেন।