
শেষ আপডেট: 7 January 2023 15:15
দ্য ওয়াল ব্যুরো: সাময়িক বিরতির পর ফের লাভা উদগীরণ (erruption) শুরু করল হাওয়াইয়ের কিলাউইয়া আগ্নেয়গিরি (Kilauea Volcano)। হাওয়াই ভলক্যানোজ ন্যাশনাল পার্কের তরফে সম্প্রতি কিলাউইয়া থেকে অগ্নুৎপাতের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে আগুনের মতো উজ্জ্বল কমলা লাভা নিঃসরণ হতে দেখা যাচ্ছে, যা দেখে নেটিজেনদের অধিকাংশের মুখে একটাই কথা, 'ভয়ঙ্কর সুন্দর!'
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের তরফে বৃহস্পতিবার কিলাউইয়ার জন্য সতর্কীকরণের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, আগ্নেয়গিরিটি সামিটের তলদেশ দিয়ে ম্যাগমা গড়াতে দেখা যাচ্ছে, যার অর্থ হল যে কোনও মুহূর্তে শুরু হতে পারে অগ্নুৎপাত।
সেই সতর্কীকরণকে সত্যি করে ফের লাভা নিঃসরণ শুরু করল পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউইয়া। হাওয়াই ভলক্যানোজ ন্যাশনাল পার্কের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, উজ্জল কমলা বর্ণের গলিত তরল লাভার ফোয়ারা ছুটছে কিলাউইয়ার মুখ থেকে। তার প্রচণ্ড উত্তাপে ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ।
https://twitter.com/Volcanoes_NPS/status/1611227983947399168?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1611227983947399168%7Ctwgr%5E582fc4e19587e6ba92062c03b00021a26405c75e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Ffeature%2Fkilauea-volcano-in-hawaii-erupts-again-after-a-brief-pause-3672083
তবে জনবহুল এলাকা থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করায় এখনও পর্যন্ত এই অগ্নুৎপাতের কারণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। আপাতত গরম ছাই উড়ে শহরে প্রবেশ করারও সম্ভাবনা না থাকায় ইতিমধ্যেই সতর্কীকরণের মাত্রা লাল থেকে কমিয়ে কমলা করে দেওয়া হয়েছে।

২০২১ সালের এপ্রিল মাসে জেগে উঠেছিল কিলাউইয়া। ২০২২ সালের অগস্ট মাস পর্যন্ত টানা লাভা উদগীরণ করে গেছে সেটি। লাভা নিঃসরণ বন্ধ হওয়ার পরেও ম্যাগমা গড়ানো বন্ধ হয়নি। যদিও শেষমেষ কালডেরাটি (অগ্নুৎপাত এর ফলে আগ্নেয়গিরির চারপাশে সৃষ্টি হওয়া গভীর গর্তের মতো অংশ) ভেঙে পড়ে। সেই অগ্নুৎপাতের জেরে শয়ে শয়ে বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। এলাকার হাজার হাজার বাসিন্দার জীবন বিপন্ন হয়ে পড়েছিল।
প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর লাভা উদগীরণ শুরু করেছিল কিলাউইয়ার পড়শি মৌনা লোয়া (Mauna Loa), যেটি নীলগ্রহের সর্ববৃহৎ আগ্নেয়গিরি। ৩৮ বছর পর নভেম্বর মাসে আচমকাই ফুঁসে ওঠে সেটি। সেই সময় হাওয়াইতে একই সঙ্গে দুটি আগ্নেয়গিরি লাভা নিঃসরণ করছিল। যদিও সপ্তাহ দুয়েক পর দুটি আগ্নেয়গিরি থেকেই অগ্নুৎপাত বন্ধ হয়ে যায়। কিন্তু তার এক মাস কাটতে না কাটতেই ফের জেগে উঠল কিলাউইয়া।
ইরফানের জন্মদিনে 'খোলা চিঠি' বাবিলের, কী লিখলেন অভিনেতা-পুত্র