
শেষ আপডেট: 21 April 2022 07:10
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল খেলছেন এখনও। তবে মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট জীবন থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড (Kieron Pollard)। চিরদিনের মতো দেশের জার্সি আলমারিতে তুলে রাখলেন অলরাউন্ডার।
আরও পড়ুন: ম্যাচের নায়ক দিল্লি বোলাররাই, অনায়াসে পাঞ্জাবকে হারালেন ঋষভরা
বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা ঘোষণা করেন তিনি। লেখেন, 'আগামীতে যাঁরা ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্ন দেখছেন তাঁদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার যথার্থ সময় এটাই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সম্মান জানিয়ে আমি আমার ক্রিকেট ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিলাম।'

তবে কী আর আইপিএলেও দেখা যাবে না পোলার্ড জাদু?
তা নয়। শুধু আন্তর্জাতিক ক্রিকেট থেকেই কেবল অবসর নিচ্ছেন তিনি। আইপিএল সহ এমন অন্যান্য টুর্নামেন্টে এখনও পোলার্ড খেলা চালিয়ে যাবেন। তাঁর এই হঠাৎ অবসর নেওয়ার খবরে বিস্মিত তাঁর ভক্তরা।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পোলার্ডের। দীর্ঘ ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দেশের হয়ে ১২৩টি ওয়ানডে ও ১০১টি টি২০ ম্যাচ খেললেও তাঁর নামের পাশে একটিও টেস্ট ম্যাচ খেলার নজির নেই। ওয়ানডে ক্রিকেটে ২ হাজার ৭০৬ রান করেছেন এই ক্যারিবিয়ান জায়েন্ট। নিয়েছেন ৫৫টি উইকেট। টি২০-তে ১ হাজার ৫৬৯ রানের পাশাপাশি নিয়েছেন ৪২টি উইকেট।

তাঁর অবসরের কথা সামনে আসতেই ক্রিকেট মহলেও আলোড়ন সৃষ্টি হয়েছে। ক্রিস গেইল থেকে শচীন তেন্ডুলকার তাঁর অবসরে প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্রিস গেইল লেখেন, বিশ্বাস করতে পারছি না তুমি (পড়ুন কায়রন পোলার্ড) আমার আগে অবসর নিলে। যাই হোক, তোমার আন্তর্জাতিক কেরিয়ারের জন্য শুভেচ্ছা।' শচীন লেখেন, 'মাঠে অসাধারণ মনোভাবাপন্ন একজন যোদ্ধা'। এছাড়াও যশপ্রীত বুমরাহ থেকে মুম্বই ইন্ডিয়ান্সের টিম সকলেই একে একে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।