
শেষ আপডেট: 19 November 2023 16:00
দ্য ওয়াল ব্যুরো: স্বামী বর্তমান। দুই ছেলেমেয়েও রয়েছে। সেসব সত্ত্বেও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। এই সম্পর্কের কথা জানতে পারার পর কিছুতেই তা মেনে নিতে পারেননি স্বামী। তারপরেই স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে দুই ছেলেমেয়েকে মেরে আত্মঘাতী হলেন স্বামী!
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহের এমএস মুখার্জি রোডে। সেখানকার একটি বাড়ি থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্তার নাম বৃন্দাবন কর্মকার। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী। স্ত্রী এবং দুই ছেলেমেয়েকে নিয়ে আপাত সুখের সংসার ছিল তাঁর। ছেলের বয়স ৮ বছর এবং মেয়ের বয়স ১৬ বছর।
দম্পতির সুখের সংসারে চিড় ধরে যখন বৃন্দাবনের স্ত্রীর পরকীয়ার কথা সামনে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, ৪ জনের মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। এই চিরকুটের বয়ান থেকে অনুমান, স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন, সেকথা জানতে পেরে গিয়েছিলেন বৃন্দাবন। সেই নিয়ে দুজনের মধ্যে ঝামেলাও হয়। স্ত্রীকে তিনি সাবধান করলেও লাভ হয়নি, সম্পর্ক ছেড়ে বেরোতে রাজি হননি মহিলা। তারপরেই ৩ জনকে খুন করে বৃন্দাবন নিজেও আত্মঘাতী হন বলে অনুমান পুলিশের।
এলাকার লোকজন জানিয়েছেন, গত বৃহস্পতিবার শেষবার দেখা গিয়েছিল বৃন্দাবনকে। এলাকারই একটি দোকান থেকে এই রুটি কিনছিলেন তিনি। তারপর আর তাঁকে কেউ দেখেনি। এরপরেই রবিবার চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চিরকুটটি ফরেনসিক পরীক্ষার জন্য নিয়ে গেছে পুলিশ। সেটিতে হাতের লেখাটি বৃন্দাবনেরই কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।