
বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 24 March 2024 14:24
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ধান খেতের মধ্যে বিজেপি কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে খড়্গপুরে। মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে তৃণমূল পরিকল্পিতভাবে খুন করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, লোকসভা ভোটকে সামনে রেখে মৃতদেহ নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে বিজেপি।
স্থানীয় সূত্রে জানা গেছে, খড়্গপুর থানা এলাকার বারবাঁশিয়া এলাকার ধান খেতের মধ্যে শান্তনু ঘড়ুই নামে এক যুবকের দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, শান্তনু ওই এলাকার বিজেপির যুব নেতা হিসাবে পরিচিত। দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশকে খবর দেওয়া হয়। সেখানে গিয়ে দেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
শান্তনুর পরিবারের অভিযোগ, তাঁরা থানায় খুনের অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তাঁদের অভিযোগ নিতে অস্বীকার করে। সন্ধে হয়ে গেলেও তাঁদের অভিযোগ নেয়নি পুলিশ। পরে বিজেপি নেতৃত্বের হস্তক্ষেপে পুলিশ এই অভিযোগ নেয়।
রবিবার সকালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে যান। বিজেপি নেতাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতের মা। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। মৃতের মায়ের দাবি, অনেকদিন ধরে স্থানীয় তৃণমূলের লোকজন তাঁর ছেলেকে হুমকি দিচ্ছিল। বৃদ্ধার অভিযোগ, তাঁরা বিজেপি করেন, তাই তাঁদের পরিবার সরকারির প্রকল্পগুলির কোনও সুবিধাই পাননি।
এদিকে রবিবার ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও বিজেপি তাতে বাধা দেয়। তাদের দাবি, এই ঘটনায় তারা হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্তের আবেদন করবেন। এক ম্যাজিস্ট্রটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্তের দাবি জানিয়েছে তারা। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ওই দরিদ্র পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, মৃত কর্মীর পরিবারের সমস্ত দায়িত্ব নিয়েছে দল। মৃতের সন্তানের সমস্ত দায়িত্ব তারা নেবে বলে আশ্বাস দিয়েছে। শুভেন্দু অধিকারীও ওই পরিবারের সঙ্গে দেখা করতে আসতে পারেন বলে জানা যাচ্ছে।
তৃণমূলের বিধায়ক অজিত মাইতি বলেছেন, "সঠিক তদন্ত হোক। এই মধ্যে কোনও ভাবেই তৃণমূল জড়িত নয়। লোকসভার ভোটকে সামনে রেখে মৃতদেহ নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে বিজেপি।"