
শেষ আপডেট: 1 October 2023 20:27
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: দুই বন্ধুর সঙ্গে মায়াপুরের বেড়াতে গিয়েছিলেন খড়্গপুরের যুবক রোহিত শর্মা। নদীতে স্নান করতে নেমে নিখোঁজ গিয়েছিলেন তিনি। এই ঘটনার আটদিন পর অবশেষে পাওয়া গেল ওই যুবকের মৃতদেহ।
নাদনঘাট এলাকার জালুইডাঙায় ভাগীরথী নদী থেকে রোহিতের দেহ উদ্ধার করেন মাঝিরা। রবিবার ছেলের দেহ শনাক্ত করেন পরিবারের লোকজন।
ছেলের নিথর দেহ সামনে দেখে যুবকের মায়ের দাবি, ছেলেকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে রোহিতের বন্ধুরা জড়িতে রয়েছে বলে তাঁর অভিযোগ। খড়্গপুরের বাড়িতে ফিরে তাঁরা এই ঘটনার তদন্তের জন্য লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ওই মহিলা।
পরিবার সূত্রে জানাগিয়েছে, রোহিতরা খড়্গপুরের নিউটাউন থানা এলাকার খরিদা বিধানপল্লির বাসিন্দা। ২২ সেপ্টেম্বর মায়াপুরের ইসকন মন্দিরে ঘুরতে এসেছিলেন রোহিত ও তাঁর দুই বন্ধু।
গত ২৩ তারিখে তাঁরা সকলেই স্নানে নেমেছিলেন। সেখানেই নদীর নিখোঁজ হয়ে যান রোহিত এমনটাই দাবি করেছেন তাঁর দুই বন্ধু। তাঁরা সে খবর যুবকের পরিবারকেও জানিয়েছিলেন। এরপর থেকে রোহিতের খোঁজে তল্লাশি চালাচ্ছিল নদিয়া পুলিশ। মায়াপুরে এসে রোহিতকে খোঁজাখুঁজি শুরু করেন তাঁর আত্মীয়রা। এদিন ওই যুবকের দেহ ভেসে উঠতেই মাঝিরা থানাকে জানায়। পুলিশ পরে দেহ শনাক্ত করার জন্য যুবকের পরিবারকে ডেকে পাঠিয়েছিল।