
গঙ্গাঘাট রক্ষার কাজে খড়গপুর আইআইটি।
শেষ আপডেট: 19 December 2024 20:55
দ্য ওয়াল ব্যুরো: একটু একটু করে এগিয়ে আসছে গঙ্গা। যার জেরে কলকাতা সংলগ্ন গঙ্গার পাড়গুলিতে তীব্র আতঙ্কের পরিবেশ।
বাগবাজারে মায়ের ঘাট থেকে নিমতলা ঘাটে রবিঠাকুরের সমাধিক্ষেত্র, সবই রয়েছে এই তালিকায়। কোন পথে পরিস্থিতির সমাধান করা যায় তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ছিলই। সমস্যার সমাধানে এ ব্যাপারে বড় উদ্যোগ নিল কলকাতা পুরসভা।
সূত্রের খবর, কলকাতার দিকে গঙ্গার ঘাটগুলি রক্ষণাবেক্ষণে এখন থেকে কাজ করবে খড়গপুর আইআইটি। সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখার্জী ট্রাস্ট বা কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
ফিরহাদ জানিয়েছেন, কলকাতার দিকে গঙ্গার ঘাটগুলি থেকে মাটি সরে যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। পোর্ট ট্রাস্টের সঙ্গে বৈঠকে ঠিক হয়েছে, হাওড়া ব্রিজ থেকে বাবুঘাটের দিকের সকল ঘাটগুলিতে সংস্কারের কাজ করবে খড়গপুর আইআইটি। সোল প্রটেকশনের মাধ্যমে ওরা এই কাজ করবে।
প্রসঙ্গত, গত বছর দুর্গা পুজোর পরই বাগবাজার ঘাটের (মায়ের ঘাট হিসেবে পরিচিত) একাংশ গঙ্গার ভাঙনে তলিয়ে যায়। শুধু নিমতলা ঘাট নয়, নিমতলা ঘাটে রবিঠাকুরের সমাধিক্ষেত্র সংলগ্ন এলাকাতেও পাড়ে ক্ষতি ঘটে। জানা যাচ্ছে, গঙ্গার স্রোত বিপরীত দিকে ঘুরে যেতেই ক্ষতির মুখে পড়েছে কলকাতার ঘাটগুলি। এবার সেগুলি সংস্কারের কাজ করবে খড়গপুর আইআইটি।