দ্য ওয়াল ব্যুরো : মাত্র ১০ বছরেই রিয়েলিটি টিভি শোয়ের স্টার। ১৭-য় নিজের ব্যবসা শুরু। ২০ বছরেই হতে চলেছেন বিলিওনেয়ার । মানে ১০০ কোটি ডলারের মালিক।
তিনি কেইলি জেনার। গত ফেব্রুয়ারিতেই এক কন্যার জন্ম দিয়েছেন। তার নাম রেখেছেন স্টরমি। তাঁর বাবা ব্রুস অলিম্পিকসে সোনা জয়ী সাঁতারু । বোন কেন্ডাল সুপারমডেল ।
ফোর্বস পত্রিকা জানিয়েছে, কেইলি আমেরিকার 'ইয়ংগেস্ট সেলফ মেড বিলিওনেয়ার' হতে চলেছেন। অর্থাৎ তিনি হবেন সবচেয়ে কমবয়সী ব্যবসায়ী যিনি নিজের চেষ্টায় ১০০ কোটি ডলারের মালিক হয়েছেন।
এর আগে সবচেয়ে কমবয়সী যিনি ব্যবসা করে বিলিওনেয়ার হয়েছিলেন, তিনি মার্ক জুকেরবার্গ। ফেসবুকের সিইও। কিন্তু তিনি ১০০ কোটির মালিক হয়েছিলেন ২৩ বছর বয়সে। কেইলি তাঁকে ছাড়িয়ে যাবেন।
১০ বছর বয়সে তিনি যে রিয়েলিটি শোয়ে যোগ দেন, তার নাম 'কিপিং আপ উইথ কার্দাশিয়ানস'। ক্রমশ তাঁকে নানা পণ্যের মডেলিংয়েও দেখা যেতে থাকে। ১৭ বছর বয়সে এই মডেলিংয়ের সূত্রে উপার্জিত আড়াই লক্ষ ডলার দিয়ে তৈরি করেন ১৫ হাজার লিপ কিট। তার নাম টোয়েন্টি নাইন ডলার লিপ কিট। সেই কিটের মধ্যে থাকত লিপ স্টিক আর লিপ লাইনার।
কেইলি বরাবর সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ১১ কোটি। টুইটারে ২ কোটি ৫৬ লক্ষ। এই জনপ্রিয়তাকে তিনি ওই লিপ কিট বিক্রির কাজে লাগান। হু হু করে বাড়তে থাকে তাঁর কোম্পানি কেইলি কসমেটিক্স।
ফোর্বসের হিসাবমতো, ওই কোম্পানির মূল্য ৮০ কোটি ডলার। এখনও পর্যন্ত সংস্থাটি ৬৩ কোটি ডলারের প্রসাধনী বিক্রি করেছে। কোম্পানি থেকে আয় বাদে কেইলি মডেলিং ও টিভি শো করেন। তাতে তিনি রোজগার করেছেন ১০ কোটি । সব মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ ৯০ কোটি ডলার । আর ১০ কোটি রোজগার করলেই ছুঁয়ে ফেলবেন রেকর্ড ।