মোবাইল চোর সন্দেহে যুবককে বেধড়ক মার, পোড়ানো হল যৌনাঙ্গ, তুলকালাম তিরুঅনন্তপুরমে
দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় শুয়ে কাতরাচ্ছেন এক যুবক। চারপাশে ঘিরে ধরে তাঁকে বেধড়ক মারছে কয়েকজন। মারতে মারতে ভেঙে দেওয়া হচ্ছে হাত-পা। চিৎকার করলেই জুটছে আরও মার। রাস্তার মাঝে ভিড় করে এই দৃশ্য দেখছেন পথচারীরা। বাঁচাবার চেষ্টার বদলে মোবাইলে তোল
শেষ আপডেট: 16 December 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় শুয়ে কাতরাচ্ছেন এক যুবক। চারপাশে ঘিরে ধরে তাঁকে বেধড়ক মারছে কয়েকজন। মারতে মারতে ভেঙে দেওয়া হচ্ছে হাত-পা। চিৎকার করলেই জুটছে আরও মার। রাস্তার মাঝে ভিড় করে এই দৃশ্য দেখছেন পথচারীরা। বাঁচাবার চেষ্টার বদলে মোবাইলে তোলা হচ্ছে ছবি, ভিডিও। শেষে রক্তাক্ত যুবকের গোপনাঙ্গে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হল। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কেরলের তিরুঅনন্তপুরমে। অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, থিরুভাল্লোম এলাকায় বাড়ি ওই যুবকের। নাম অজেশ। বছর ৩০ বয়স। এলাকাবাসীর দাবি, বাস স্ট্যান্ডে ঘুমন্ত এক যুবকের ওয়ালেট ও মোবাইল ছিনতাই করে পালাচ্ছিল অজেশ। তখনই পিছু ধাওয়া করে তাঁকে ধরে ফেলে স্থানীয় কয়েকজন। শুরু হয় মার। পুলিশ জানিয়েছে, অজেশকে এমন নারকীয় ভাবে নির্যাতনের করতে দেখা যায় ছ’জনকে। তাদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম দীনেশ, নাসির, অরুন, সাজন ও রবিনসন।
পুলিশ জানিয়েছে, অজেশকে যখন উদ্ধার করা হয় তাঁর শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ, মঙ্গলবার সকালে সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, অজেশের যৌনাঙ্গের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। সারা শরীরের ছিল দগদগে ক্ষত। নৃশংস নির্যাতন চালানো হয়েছে তাঁর উপর।

থিরুভাল্লামের স্টেশন হাউস অফিসার সম্পথ কে এল বলেছেন, ধৃতদের মধ্যে দু'জন স্থানীয় রিক্সাচালক। ধৃতদের দাবি, আগেও নাকি এমন চুরি-ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছিল অজেশ। তার কাছ থেকে যে ওয়ালেট উদ্ধার হয়েছিল তাতে নাকি প্রায় ৪৫ হাজার টাকা ছিল। পুলিশ জানিয়েছে, রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গণপিটুনির ঘটনায় বাকিদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।