
শেষ আপডেট: 23 September 2022 06:52
দ্য ওয়াল ব্যুরো: একটু একটু করে করোনা (covid 19) ফিরছে কেরলে (Kerala)। পরিস্থিতি ফের মহামারীর (pandemic) আকার নেওয়ার আগেই হস্তক্ষেপ করতে চাইছে কেরল সরকার। তারা সিদ্ধান্ত করেছে, মাস্ক (Mask) পরা বাধ্যতামূলক (mandatory) করতে অচিরেই রাজ্যে জারি হবে অর্ডিন্যান্স। তাতে থাকছে কড়া সাজার বিধান। জরিমানা এবং জেল, দুইই।
কেরলের সিপিএম সরকার এর আগে বিধানসভায় জনস্বাস্থ্য বিষয়ে একটি বিল পেশ করে তাতেই বাড়ির বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই বিল পাশ করানো যায়নি। বিলটি বিধানসভার সিলেক্ট কমিটি এখনও অনুমোদন করেনি।
বিল আনার আগে দু’বার রাজ্য সরকার অর্ডিন্যান্স জারি করে মাস্ক পরা বাধ্যতামূলক এবং নির্দেশ ভঙ্গের জন্য কড়া সাজার সংস্থান রাখার ব্যবস্থা করেছিল। কিন্তু দ্বিতীয়বারের অর্ডিন্যান্সে রাজ্যপাল সায় দেননি। তখন বিল এনে সরাসরি আইন করার সিদ্ধান্ত হয়।
সেই বিল বিধানসভার কমিটির কাছ আটকে থাকায় রাজ্য সরকার ফের অর্ডিন্যান্স জারি করতে চলেছে। এমনটাই সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। কেরল সরকারের বক্তব্য, দেশে এখন মহামারী এবং দুর্যোগ প্রতিরোধ আইন বলবৎ নেই। ফলে মাস্ক না পরলে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। তাই অর্ডিন্যান্স জারি করে বাধ্যতামূলক করা হবে। নইলে কঠিন শাস্তির মুখে পড়বেন নাগরিকরা। কারণ, করোনা আবার মাথাচাড়া দিচ্ছে।