
শেষ আপডেট: 6 January 2021 05:35
মঙ্গলবার কাশ্মীরের সমভূমি এবং উপরিভাগে মাঝারি থেকে ভারী তুষার পাত হয়েছে। এর ফলে একাধিক জায়গায় বরফের জন্য নেমেছে ধস, বন্ধ হয়েছে রাস্তা। এরজন্য টানা তিন দিন জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ থাকার কথা জানা গেছে।
তবে তাপমাত্রা এতই নীচে নেমেছে, বিপর্যস্ত হয়েছে সাধারণ জীবন যাপন। শ্রীনগরে অতিরিক্ত তুষারপাতের কারণে সাধারণ মানুষ কাজের জন্যও বাইরে বের হতে পারছেন না। আবহাওয়া দফতর জানান যে বুধবারের আগে পরিস্থিতি উন্নত হওয়ার কোনও সম্ভবনা নেই। শ্রীনগরেই দেখা গেছে, পেটের তাগিদে রোজগারের জন্য তুষারপাতের মধ্যেও বাইরে বের হতে হয়েছে টাঙাওয়ালা থেকে গাড়িচালক সকলকেই।
অতিরিক্ত তুষারপাত ও বৃষ্টিপাতের কারণে যেমন সড়ক পথ বন্ধ হয়ে গেছে তেমন শ্রীনগর থেকে যে সমস্ত বিমান চলাচল করে সেগুলোকেও আপাতত স্থগিত রাখা হয়েছে।
জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে এই মুহূর্তে আটকে রয়েছে ২৫০টিরও বেশি গাড়ি। শ্রীনগর শহরের তাপমাত্রার রেকর্ড পতন হয়েছে! শূন্যের নীচে নেমেছে তাপমাত্রা। প্রশাসনিক সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের কুলগ্রাম জেলায় সর্বাধিক তুষারপাত হয়েছে। কিছু কিছু জায়গায় তিন থেকে চার ফুট পর্যন্ত বরফ জমে রয়েছে।
শ্রীনগরে তুষারপাতের সময় ঠান্ডার কামড় থেকে বাঁচার জন্য দোকানিরা আগুন জ্বালিয়ে শরীর গরম রাখার ব্যবস্থা করেছেন, সেই ছবিও উঠে এসেছে। এই মুহূর্ত বরফে মোড়া কাশ্মীরের ছবি নেটাদুনিয়াতে তাই ব্যাপক ভাবে ভাইরাল।
