
শেষ আপডেট: 21 March 2022 09:49
দ্য ওয়াল ব্যুরো: দেশের বিভিন্ন রাজ্যে মুসলিমদের নিধন করা হচ্ছে। ওই সব ঘটনা নিয়ে ছবি তৈরি করুন। তাদের দুর্দশা তুলে ধরুন। ওই অফিসার বলেছেন, মুসলমানেরা পোকামাকড় নয়। তারা এই দেশের নাগরিক।
কাশ্মীর ফাইলস (The Kashmir Files) ছবির ডিরেক্টরকে এমনই পরামর্শ দিলেন মধ্যপ্রদেশের এক আইএএস অফিসার। তিনি ওই রাজ্যের পূর্ত দফতরের একজন ডেপুটি সেক্রেটারি। তাঁর নাম নিয়াজ খান।
তিনি সমাজ মাধ্যমে মুসলিম নির্যাতন নিয়ে সরব হওয়ার পাশাপাশি কাশ্মীরের পণ্ডিত সমাজের উপর হামলারও নিন্দা করেছেন। প্রস্তাব দিয়েছেন, কাশ্মীর ফাইলস (The Kashmir Files) ছবি থেকে রোজগারের টাকা সেখানে পণ্ডিত সমাজের উন্নয়নের জন্য ব্যয় করা হোক।
কাশ্মীর ফাইলস সিনেমাটি ইতিমধ্যেই তুমুল আলোচনায়। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি কর্মী সমর্থকদের ছবিটি দেখার পরামর্শ দিয়েছেন। বিজেপির নেতা মন্ত্রীরা দলে দলে সিনেমাটি দেখছেন। ফলে রোজগারের সব রেকর্ড ছাপিয়ে গেছে সিনেমাটি (The Kashmir Files)। ছবিতে কাশ্মীরের ব্রাহ্মণদের উপর জঙ্গি সন্ত্রাস, তাদের রাজ্য ছাড়তে বাধ্য করা এবং দুর্দশার মধ্যে জীবন কাটানোর কাহিনি দেখানো হয়েছে। ইতমধ্যেই দেশের বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে সিনেমাটিতে জঙ্গি সন্ত্রাসের বিপদকে একপেশে দৃষ্টিতে দেখানো হয়েছে। মুসলিম, হিন্দু নির্বিশেষে মানুষ জঙ্গিদের আক্রমণের শিকার হয়েছে। এবার তাতে নয়া মাত্রা যুক্ত করলেন মধ্যপ্রদেশের অফিসার।
মধ্যপ্রদেশের এক মন্ত্রী বিশ্বাস সরং ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। বলেছেন, আমি সরকারকে চিঠি লিখব ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
যদিও ছবিটির পরিচালক বিবেক অগ্নিহোত্রী মধ্যপ্রদেশের ওই অফিসারের সঙ্গে দেখা করার সময় চেয়েছেন। বলেছেন, আমি আপনার সঙ্গে দেখা করে কথা বলতে চাই। ভাবনা বিনিময় করতে চাই।
মা ও তিন সন্তান হাসপাতালে, দক্ষিণ আফ্রিকা থেকে দ্রুত দেশে ফিরছেন শাকিব