দ্য ওয়াল ব্যুরো: ফের কারনি সেনার দাপট। কয়েক মাস আগে পদ্মাবত ছবি নিয়ে তুমুল হাঙ্গামা বাধানোর পরে ফের মাথাচাড়া দিয়েছে তারা। রাজস্থানের এক মন্ত্রীর নাক-কান কেটে নেওয়ার কেটে নেওয়ার হুমকি দিয়েছে ওই সংগঠন। তাদের অভিযোগ, ওই মন্ত্রী নাকি রাজপুতদের ইঁদুরের সঙ্গে তুলনা করেছেন। তাই তাঁকে শাস্তি দেওয়ার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে কারনি সেনা।
সম্প্রতি জানা যায়, সর্ব রাজপূত সমাজ সংঘর্ষ সমিতি নাম এক সংঠন রাজ্যে বিধানসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার রাজস্থানের শিক্ষামন্ত্রী কিরণ মাহেশ্বরীকে সাংবাদিকরা এসম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বর্ষায় ইঁদুররা যেমন গর্ত থেকে বেরিয়ে আসে তেমন এই সব লোকও ভোটের সময় গর্ত থেকে বেরিয়ে আসে।
মঙ্গলবারই জয়পুরে এক সভা করে কারনি সেনা বলে, রাজপুতদের সম্পর্কে মন্তব্য করার আগে ওই মন্ত্রীর পদ্মাবত ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনের কথা মনে রাখা উচিত ছিল। অবিলম্বে মহেশ্বরীকে ক্ষমা চাইতে হবে। না হলে পরিণতি হবে ভয়ংকর।