দ্য ওয়াল ব্যুরো : গত ১০ জুলাই কর্নাটকের দেবনগরী জেলার বাসবপত্তন অঞ্চলে একজন খুন হয়। পুলিশ জানতে পারে নিহত ব্যক্তি ছিল ডাকাত। তার নাম চন্দ্র নায়েক। ব্যাঙ্ক ডাকাতি করার পরে লুটের বখরা নিয়ে ডাকাতদের মধ্যে ঝগড়া হয়। চেতন নামে এক ডাকাতের কাছে একটি রিভলভার ছিল। পুলিশের থেকে সে রিভলভারটি চুরি করেছিল। ঝগড়া চরমে পৌঁছতে সে চন্দ্রকে গুলি করে। চন্দ্র ঘটনাস্থলে মারা যায়।
এর পরে এক সপ্তাহ কেটে গেলেও পুলিশ ওই ডাকাতি ও খুনের কিনারা করতে পারেনি। তখন তারা তুঙ্গা নামে এক ডোবারম্যান কুকুরের সাহায্য নেয়। ১০ বছর বয়সী তুঙ্গা আগে ৫০ টি খুনের মামলা ও ৬০ টি চুরির মামলার কিনারা করতে পুলিশকে সাহায্য করেছে।
দেবনগর পুলিশের এসপি হনুমন্ত রাই জানান, চেতনকে শেষবার যেখানে দেখা গিয়েছিল সেখানে তুঙ্গাকে নিয়ে যান হেড কনস্টেবল প্রকাশ। তুঙ্গা সেখান থেকে ১২ কিলোমিটার দৌড়ে গিয়ে কাশীপুর নামে এক জায়গায় একটি বাড়ির সামনে থামে। সেই বাড়ির এক বাসিন্দার কথাবার্তা শুনে পুলিশের সন্দেহ হয়। তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে জানা যায়, সেই চন্দ্রকে খুন করেছিল। হুবলির এক থানা থেকে রিভলভার চুরির কথাও সে স্বীকার করে।