
শেষ আপডেট: 22 December 2022 06:49
দ্য ওয়াল ব্যুরো: দু দিন আগেই কর্নাটকের (Karnataka) নতুন বিধানসভা ভবনে বীর সাভারকারের (Veer Savarkar) প্রতিকৃতি রাখা নিয়ে তুমুল গোলমাল হয়েছে। কংগ্রেস সহ বিরোধী দলগুলির প্রতিবাদ উপেক্ষা করেই মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ, বিআর আম্বেদকরের ছবির পাশেই সাভারকারের প্রতিকৃতি রেখেছে কর্নাটকের বিজেপি সরকার। এবার রাজ্যের সব স্কুলে (schools) হিন্দু নায়ক বীর সাভারকারের ছবি রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সংস্কৃতি মন্ত্রী ভি সুনীল কুমার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে দক্ষিণের ওই রাজ্যে। সাভারকার কতটা স্বাধীনতা সংগ্রামী আর কতটা ব্রিটিশ সরকারের অনুগত ছিলেন তা নিয়ে বরাবর বিতর্ক আছে।
সম্প্রতি সেই বিতর্ক খুঁচিয়ে তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা নিয়ে মহারাষ্ট্রে থাকাকালে রাহুল অভিযোগ করেন, সাভারকার ছিলেন ব্রিটিশের অনুগত। আন্দামান জেল থেকে মুক্তি পেতে তিনি স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ায় ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছিলেন। রাহুল সাভারকারের লেখা সেই চিঠির প্রতিলিপিও প্রকাশ করেন।
রাহুলের বিরুদ্ধে অবশ্য মহারাষ্ট্রের সব দলই কম বেশি প্রতিবাদ করে। যদিও কংগ্রেস নেতা তাঁর অবস্থান থেকে সরেননি।
সেই সাভারকারকেই ভোটমুখী কর্নাটকে হাতিয়ার করতে চাইছে বিজেপি সরকার। তিনি হিন্দুত্ববাদীদের আরাধ্য পুরুষ। সেই কারণেই আগামী মার্চ-এপ্রিলে ভোটের বাদ্যি বেজে ওঠার আগে রাজ্যের সব স্কুলে এই স্বাধীনতা সংগ্রামীর ছবি টাঙিয়ে হিন্দুত্ব জাগাতে চাইছে বিজেপি।
লক্ষণীয় হল, সাভারকার বরাবর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের পূজনীয় স্বাধীনতা সংগ্রামী হলেও বিজেপিতে তাঁকে নিয়ে উন্মাদনা শুরু হয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহরা দলের নেতৃত্বে আসার পর।
কংগ্রেস প্রশ্ন তুলেছে, বিধানসভা ভবনে কী করে গান্ধী, সুভাষ, বিবেকানন্দের পাশে সাভারকারের ছবি স্থান পেতে পারে? বিরোধী দলনেতা সিদ্ধারামাইয়া প্রশ্ন তুলেছেন, নেহেরুর ছবি নেই কেন? তাঁর বক্তব্য, আজ সাভারকারের ছবি টাঙানো হল, কাল গান্ধীর পাশে তাঁর হত্যাকারী নাথুরাম গডসের ছবি টাঙানো হবে।
রাজনৈতিক মহল মনে করছে, কর্নাটকে বিজেপির ক্ষমতায় ফেরা নিয়ে ঘোর সংশয় আছে। মুখ্যমন্ত্রী বদল করেও সরকারের ভাবমূর্তি মেরামত হয়নি। নতুন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে নিয়ে দলে কেউই সন্তুষ্ট নয়। এই পরিস্থিতিতে উগ্র হিন্দুত্বকে আঁকড়ে ক্ষমতা ধরে রাখতে চাইছে গেরুয়া শিবির।
বড়দিনের আগে বড় খবর! মঙ্গলবার প্রাথমিকে টেটের ইন্টারভিউ, প্রথম দফার বিজ্ঞপ্তি জারি পর্ষদের