
শেষ আপডেট: 10 May 2023 15:14
দ্য ওয়াল ব্যুরো: এক বছর বাদে লোকসভা ভোট। তার আগে কর্নাটকের মতো দক্ষিণের গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির যে গদি উল্টে যেতে পারে সেই সম্ভাবনার কথা বলছিলেন অনেকেই। দেখা গিয়েছিল, সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিয়া চেষ্টায় নেমেছিলেন। মোদী ১৭টি জনসভা ও রোড শো করেছেন সেখানে। কিন্তু বুধবার ভোটগ্রহণ পর্ব মেটার পর দু'টি মুখ্য বুথ ফেরত সমীক্ষা জানিয়ে দিল, প্রতিষ্ঠান বিরোধিতার ঝড়ে বিজেপিকে কুপোকাৎ করে সরকার গঠন করতে পারে কংগ্রেস। টুডেজ চাণক্য ( Karnataka Todays Chanakya Exit polls) এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া (Karnataka Axis My India) দু'টি সংস্থাই এ ব্যাপারে সহমত।
এই দুই বুথ ফেরত সমীক্ষার কথা কেন বেছে বেছে লেখা হচ্ছে দ্য ওয়ালে? তার কারণ, গত দেড় দশক ধরে দেখা যাচ্ছে, বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রে চাণক্যর পূর্বানুমান ষোল আনার মধ্যে আঠারো আনা সঠিক। একমাত্র ২০১৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে তাদের সমীক্ষা ডাহা ভুল হয়েছিল।
আবার ২০১৫ সালে বিহারে ওই ভোট থেকেই অ্যাক্সিস মাই ইন্ডিয়ার উত্থান। তাদের সেবারের পূর্বানুমান বলতে গেলে একদম সঠিক। তার পর থেকে সঠিক পূর্বানুমানের ব্যাপারে তারাও ধারাবাহিকতা রেখেছে।
চাণক্যর বুথ ফেরত সমীক্ষার মতে, বুধবারের ভোটে কংগ্রেস পেতে পারে ৪২ শতাংশ ভোট। আর বিজেপি পেতে পারে ৩৯ শতাংশ ভোট। তুলনায় জনতা দল সেকুলার পেতে পারে ১৩ শতাংশ ভোট পেতে পারে। চাণক্যর সমীক্ষা বলছে, কংগ্রেস কমবেশি ১২০ টি আসনে জিততে পারে। বিজেপি পেতে পারে কমবেশি ৯২ টি আসন। জনতা দল সেকুলারের খাতায় যেতে পারে কমবেশি ১২ টি আসন।
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার হিসাবে কর্নাটকে বড় জয়ের দিকে এগোচ্ছে কংগ্রেস। তাদের সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে ৩৫ শতাংশ ভোট। কিন্তু কংগ্রেস পেতে পারে ৪৩ শতাংশ ভোট। আর জনতা দল সেকুলার পেতে পারে ১৬ শতাংশ ভোট। অর্থাৎ বিজেপির তুলনায় ৮ শতাংশ ভোট বেশি পেতে পারে কংগ্রেস।
সেই ভোট শতাংশকে আসনের হিসাবে ফেললে কংগ্রেস পেতে পারে ১২২ থেকে ১৪০ টি আসন। বিজেপি ৬২ থেকে ৮০টি আসন পেতে পারে। এবং জনতা দল সেকুলার জিততে পারে ২০ থেকে ২৫ টি আসন।
কর্নাটক ভোটের ফলাফল ঘোষণা হবে ১৩ মে। প্রকৃত ফলাফল এই বুথ ফেরত সমীক্ষার সঙ্গে মিলে গেলে সংশয়াতীত ভাবেই তা হবে কংগ্রেসের বড় জয়। জাতীয় রাজনীতিতে সেই ফলাফলের প্রভাব পড়বে অনিবার্যভাবেই।
Karnataka Exit Poll 2023: কর্নাটক ভোটের এক্সিট পোল, কে গড়বে সরকার