
শেষ আপডেট: 13 May 2023 04:46
দ্য ওয়াল ব্যুরো: গত নভেম্বর মাসের কথা মনে পড়ে? কর্নাটকের উপর দিয়ে সেই সময়ে ভারতজোড়ো যাত্রা নিয়ে এগোচ্ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ১৪ নভেম্বর দেখা যায় সকালে কংগ্রেসের টুইটার হ্যান্ডল ব্লক হয়ে গিয়েছে। সেদিন হাঁটতে হাঁটতে রাহুল বলেছিলেন, টুইটার হ্যান্ডল ব্লক করলেও আমাকে ব্লক করতে পারবে না। আমি হেঁটে যাবই।
শনিবার সেই কর্নাটকে বিধানসভা ভোটের গণনা চলছে (Karnataka Election Result)। প্রথম দেড় ঘণ্টার ট্রেন্ড দেখে বোঝা যাচ্ছে, কংগ্রেস অনেক অনেকটা ভাল ফল করার দিকে এগোচ্ছে। এ হেন পরিস্থিতিতে রাহুলের সেই হাঁটার ছবি দিয়ে কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডল লিখল—‘আমি অপরাজেয়, আমি আত্মবিশ্বাসী। এবং হ্যাঁ, আজকে আমি অপ্রতিরোধ্য।’ (Rahul Gandhis Bharat Jodo Yatra Snippets)
আগের বার কংগ্রেস ৮০টি আসন পেয়েছিল। তারপর বিজেপিকে কুর্সি থেকে বাইরে রাখতে জেডিএসকে সমর্থন দিয়ে কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী করেছিল তারা। কিন্তু সেই সরকার কেনাবেচার খেলায় ভেঙে যায়। সরকারে আসে বিজেপি।
রাহুল ভারতজোড়ো যাত্রায় একটা কথা নিয়ম করে বলতেন, ‘আমি রাজনীতির ধারণা বদলের লড়াইয়ে নেমেছি।’ রাজনীতি সম্পর্কে ধারণা জনমানসে বদলেছে কিনা তা হয়তো এখনই বলা যাবে না। কিন্তু প্রাথমিক ট্রেন্ড দেখে বোঝা যাচ্ছে, কংগ্রেস অভূতপূর্ব ফলাফলের দিকে এগোচ্ছে।
আরও একটি বিষয় হল, মাইসোর-সহ যেসব জায়গায় জেডিএসের ট্র্যাডিশনাল শক্তি ছিল, তাও খানিকটা কংগ্রেস ভেঙে দিয়েছে। ফলে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই হয়েছে কংগ্রেসের।
পর্যবেক্ষকদের অনেকের মতে, কর্নাটকে কংগ্রেসের এই ফলে রাহুলকে বিজ্ঞাপিত করার নেপথ্যে আরও একটি কারণ রয়েছে। তা হল, আদালতের শাস্তি এবং সাংসদ পদ খারিজ হওয়া। এই কর্নাটকের একটি ভাষণ নিয়েই এত ঘটনা ঘটে গিয়েছে। সেই কর্নাটক ফের ঝুঁকছে কংগ্রেসের দিকে। অনেকের মতে, কংগ্রেসের ব্যর্থতার দায় বারবার চাপানো হয়েছে রাহুলের ঘাড়ে। আজকে যখন দক্ষিণের রাজ্যটিতে ঘুরে দাঁড়াচ্ছে সাবেক দল, তখন সেই কৃতিত্ব তাঁর নয় কেন?
কর্নাটকে কংগ্রেস রিসর্ট বুক করে ফেলল! বিধায়কদের তাঁবু করে রাখবেন শিবকুমাররা