
শেষ আপডেট: 28 March 2023 17:12
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ও উত্তর ভারতে নির্বাচনে পেশিশক্তির আস্ফালন পরিচিত দৃশ্য। দক্ষিণ ভারতে আস্ফালন টাকার। বিশেষ করে তামিলনাড়ু, কর্নাটকের ভোটে টাকার দাপট আটকানো নির্বাচন কমিশনের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। ভোটমুখি কর্নাটকে (Karnataka) ইতিমধ্যে তা শুরু হয়ে গিয়েছে।
দক্ষিণের ওই রাজ্যে মে মাসের মাঝামাঝি নাগাদ বিধানসভা ভোট হওয়ার কথা। যে কোনও দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। কমিশনের নজরদারি, কড়াকড়ি শুরুর আগেই টাকা-পয়সা বিলির কাজ সেরে রাখতে চাইছে সব দলই। মঙ্গলবার খোদ প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি ডি কে শিবকুমারকে দেখা গিয়েছে একটি নির্বাচনী প্রচারে রথ থেকে জনতার উদ্দেশে টাকা (currency) ছুঁড়ছেন।
কংগ্রেস নেতা মঙ্গলবার দক্ষিণ কর্নাটের মান্ডায় প্রচারে গিয়েছিলেন। ওই এলাকায় রাজ্যের ভোক্কালিগা সম্প্রদায়ের প্রভাব বেশি। শিবকুমার নিজে ওই সম্প্রদায়ের লোক হলেও মহিশূর লাগোয়া ওই এলাকায় রাজনৈতিক প্রভাব বেশি প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া ও তাঁর পুত্র ডি কুমারস্বামীর দল জেডিএসের। ২০১৮ সালের নির্বাচনে জেডিএস ওই এলাকায় সাতটি বিধানসভা দখল করেছিল।
মনে করা হচ্ছে, শিবকুমার জেডিএসের প্রভাবের কথা বিবেচনায় রেখেই প্রচারে টাকা ছড়িয়ে ভোটারের মন গলানোর চেষ্টায় নেমেছেন। কর্নাটকে কংগ্রেস ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার সঙ্গে শিবকুমারের লড়াই অবশ্যম্ভাবী। দু’জনেই তাই বড় মার্জিনে নিজের এবং অনুগামীদের জয় হাসিল করার চেষ্টায় আছেন।
শুধু শিবকুমার নন, নবরাত্রি এবং রমজান মাসকেও ভোটের স্বার্থে ব্যবহারের নানা আয়োজন করেছে বিভিন্ন দল ও সম্ভাব্য প্রার্থীরা। বাড়ি বাড়ি ফল, মিষ্টি-সহ নানা উপহার পৌঁছে যাচ্ছে।
অবশ্য এই তৎপরতা শুরু হয়েছে বেশ কয়েক মাস আগে থেকেই। মকর সংক্রান্তিতে মালেশ্বরম বিধানসভার মহিলা ভোটারদের অনেকেরই বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল। তাদের মোবাইলে মকর সংক্রান্তির শুভেচ্ছা বার্তার সঙ্গেই ছিল একটি ওটিপি। বলা হয়, এলাকার ওয়ার্ড অফিসে গিয়ে ওটিপি দেখিয়ে উপহারের শাড়ি সংগ্রহ করতে হবে। এটা স্থানীয় বিধায়কের উপহার।
অনেকেই ভেবেছিলেন সাধারণ মানের কোনও শাড়ি হবে হয়তো। হাতে নিয়ে দেখেন দেড় হাজার টাকা দাম প্রতিটি শাড়ির। অনেক নেতা বাড়ি বাড়ি বিলি করেন মিষ্টির প্যাকেট।
বেঙ্গালুরুর সিভি রমন নগর, ইন্দিরানগরের গরিব পরিবারগুলিকে স্থানীয় বিধায়ক পাঁচ লিটারের একটি প্রেসার কুকার দিয়েছেন দিন কয়েক আগে।
শিবাজি নগর বিধানসভার বাসিন্দারা মকর সংক্রান্তিতে পেয়েছেন চাল-ডাল ভর্তি ব্যাগ। ইজিপুরার বিধায়ক তাঁর নির্বাচনী এলাকার বেকারদের জন্য চাকরি মেলার আয়োজন করেন। সেখানে নিয়োগ কর্তাদের মুখোমুখি বসিয়ে দেওয়া হয় করোনার সময় কাজ হারানো লোকজনকে।
এই সব সুবিধা প্রদানের তালিকায় আছে প্রথম সারির সব দলের বিধায়কেরাই। দলগতভাবে আগেই ময়দানে নেমেছে প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি ও কংগ্রেস। বিজেপি গৃহিনী শক্তি স্কিম ঘোষণা করে বলেছে, প্রত্যেক গৃহবধূকে তারা মাসে দু’হাজার টাকা করে দেবে।
অন্যদিকে, কংগ্রেসও গৃহলক্ষ্মী স্কিম ঘোষণা করে মহিলাদের মাসে দু'হাজার টাকা করেই দেবে বলেছে। বেঙ্গালুরুতে গিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন প্রিয়ঙ্কা গান্ধী। গত সপ্তাহে রাহুল গান্ধী বেঙ্গালুরুর সভায় ঘোষণা করেন, কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এলেই বেকাররা মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন।
দুর্নীতিবাজরা এক মঞ্চে জুটেছে, বিরোধীদের চাঁচাছোলা আক্রমণে প্রধানমন্ত্রী মোদী