
শেষ আপডেট: 3 June 2023 06:30
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক অতীত কেবল নয়, সুদূর কালের মধ্যেও এত বড় রেল দুর্ঘটনার সাক্ষী হয়নি দেশ (Karamandal Express Accident)। গতকাল, শুক্রবার সন্ধেয় বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) সঙ্গে মালগাড়ির ভয়ানক দুর্ঘটনা যেন ভেঙে দিল সব রেকর্ড। রাত থেকেই দফায় দফায় লাফিয়ে বাড়ছে মৃত্যুমিছিল। তথ্য বলছে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ২৮০-তে। জখম ৯০০ জনেরও বেশি।
রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। দলাপাকানো ভেঙে পড়া রেলগাড়ির কামরা থেকে একের পর এক বার করা হয়েছে যাত্রীদের। রক্তাক্ত, মৃত, আহত। কাতরানি এবং হাহাকারে ভারী হয়ে রয়েছে এলাকা। রাতের অন্ধকারে যতটা সম্ভব হয়েছে উদ্ধারকাজ চলেছে, সকালে আলো ফুটতেই তা গতি পেয়েছে আরও বেশি।
গ্যাসকাটার দিয়ে দেহ বার করা হচ্ছে একের পর এক। যে এলাকায় ঘটনা ঘটেছে তার পাশেই রয়েছে একটি মাঠ। এদিন সকাল থেকে সেই মাঠে দেহ উদ্ধারের পর সেগুলিকে সারি দিয়ে শুইয়ে রাখা হয়েছে। বালেশ্বর কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।
উদ্ধারকারী এনডিআরএফ দলের সদস্যরা জানাচ্ছেন, বহু দেহ ভিতরে রয়েছে যেগুলি পিষে গিয়েছে। দেহগুলি শণাক্ত করাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে এখন।
শনিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছন অশ্বিনী বৈষ্ণ। তিনি উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই মুহূর্তের এক এবং একমাত্র কাজ উদ্ধার কাজ এগিয়ে নিয়ে যাওয়া। তবে যে ঘটনা ঘটেছে তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পৌঁছচ্ছেন কিছুক্ষণেই।
যেসব ছবি দেখা যাচ্ছে তা সাংঘাতিক। কোনও কামরার পেট ফুঁড়ে ঢুকে গিয়েছে মালগারির বগি, আবার করমণ্ডলের ছাদে হয়তো উঠে গিয়েছে অন্য একটি কামরার নীচের অংশ। ড্রোন শটে যেসব ছবি দেখা যাচ্ছে তাও মর্মান্তিক। তা দেখলেই স্পষ্ট, মৃত্যু কোন জায়গায় পৌঁছতে পারে। রেল লাইনও উপড়ে গিয়েছে।
দেখুন কিছু মর্মান্তিক ছবি।








করমণ্ডলের জানলা কেটে বের করা হচ্ছে একের পর এক দেহ, বালেশ্বর যেন মৃত্যুপুরী