
দিঘা সমুদ্র-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 3 July 2024 13:12
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ভোর পাঁচ নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নৌকা নিয়ে মাছ ধরতে মাঝ সমুদ্রে গিয়েছিলেন কাঁথির ৬ মৎস্যজীবী। সমুদ্র থেকে নৌকা সমেত তাঁরা নিখোঁজ হয়ে গেছেন। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই মৎস্যজীবীদের আত্মীয়রা। ফোন করে খোঁজ নেওয়ার চেষ্টা করলেও তাঁদের কোনও হদিশ মেলেনি। অবশেষে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পরিজনেরা।
স্থানীয়রা জানিয়েছেন, কাঁথির ১ নম্বর ব্লকের শৌলা মৎস্য বন্দর থেকে ভুটভুটি নিয়ে মাছ ধরতে সমুদ্রে গেছিলেন ৬ জন। তারপর থেকেই তাঁদের খোঁজ মিলছে না বলে দাবি করছেন আত্মীয়রা। এক মৎস্যজীবীর স্ত্রী জানান, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ তাঁর স্বামী বাড়ি থেকে বেরিয়েছিলেন। বেলায় তিনি স্বামীকে ফোন করেন। সেটি বেজে যায়। কেউ তোলেনি। পরবর্তীতে ফোন করলে তারা পরিবেষা সীমার বাইরে আছে বলে জানা যায়। বারে বারে তিনি ফোন করে গেছেন, কিন্তু স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
আরও এক মৎস্যজীবীর বৌদি বলেন, "মঙ্গলবার দুপুর দেওরদের ফেরার কথা ছিল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও তারা ফেরেনি। মাছ ধরতে গিয়ে তারা কোথায় গেল, কিছুই বুঝতে পারছি না। আমাদের উৎকণ্ঠায় দিন কাটছে। "
খবর পেয়ে ১০টি যন্ত্রচালিত নৌকা ও ২টি ট্রলার নিয়ে মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের সদস্যরা ওই মৎস্যজীবীদের সন্ধান চালাতে সমুদ্রে গিয়েছিলেন। মঙ্গলবার রাতভর সন্ধান চালিয়েও কোনও লাভ হয়নি। তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। পুলিশ নৌবাহিনীর কাছে সাহায্য চেয়েছে। নৌবাহিনী হেলিকপ্টার নিয়ে সমুদ্র সন্ধান চালাচ্ছে।