
শেষ আপডেট: 28 July 2023 15:35
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় স্তরে ২৬টি বিরোধী জোটের নাম হয়েছে ইন্ডিয়া। সেই জোটের সমালোচনা করতে গিয়ে দু’দিন আগে বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছিলেন, ইন্ডিয়া নাম রাখলেই কি সব হয়ে গেল! সে তো ইন্ডিয়ান মুজাহিদিনের নামেও ইন্ডিয়া রয়েছে, পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়াতেও দেশের নাম রয়েছে।
প্রধানমন্ত্রী বিরোধী জোটের সঙ্গে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা টানায় হইচই পড়েছিল। তবে বিরোধীরা বিষয়টি নিয়ে রেগে না গিয়ে বলেছিলেন, মোদী ভয় পেয়েছেন এতেই বোঝা যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ইন্ডিয়া নামটি প্রধানমন্ত্রীর পছন্দ হয়েছে দেখছি।
কিন্তু এসবের মধ্যেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য নিয়ে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারের (Kanhaiya Kumar) বক্তৃতার একাংশ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কানাইয়া বলেছেন, “প্রধানমন্ত্রীর ব্যাখ্যা হল, ইন্ডিয়ান মুজাহিদিন আর পিএফআই-তে ইন্ডিয়া রয়েছে। তার মানে গাধারও চার পা আছে, আর কুকুরেরও চার পা আছে। তাই সব গাধাই কুকুর।”
কানহাইয়া ছিলেন কমিউনিস্ট পার্টির ছাত্র নেতা। তার পর কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। এখন সর্বভারতীয় কংগ্রেস তথা এআইসিসি-র তরফে দলের ছাত্র সংগঠনের পর্যবেক্ষক তিনি। রাহুলের অত্যন্ত আস্থাভাজন ও স্নেহভাজন হলেন কানাইয়া কুমার।
কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, এবার লোকসভা ভোটের আগে হিন্দিবলয়ে কানাইয়া ভোটের প্রচারে ব্যবহার করতে চান রাহুল। কারণ, তাঁর বক্তৃতা ক্ষুরধার বলে মনে করেন তিনি। তা ছাড়া লোকসভা ভোটে বিহারে আরজেডি, সংযুক্ত জনতার সঙ্গে আসন সমঝোতা হলে কানহাইয়াকে কোনও একটি আসন থেকে প্রার্থীও করা হতে পারে।
কানহাইয়া বেঙ্গালুরুতে একটি সভায় বক্তৃতার সময়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে এই খোঁচা দিয়েছিলেন। সেটিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার চেষ্টা করেছে কংগ্রেসই।
আরও পড়ুন: ‘কারচুপি করে চাকরি পাওয়া বিডিও’দের ধরতে পিএসসি ভবনে শুভেন্দু, হাতের মুঠোয় চিঠি