দ্য ওয়াল ব্যুরো: এ যেন ভাড়া বাড়ি পাল্টানোর মতো!
সিপিআই ছেড়ে কংগ্রেসে যাওয়ার আগে পুরনো দলের বিহার রাজ্য দফতর থেকে এসি মেশিন খুলে নিয়ে গেলেন কানহাইয়া কুমার। মঙ্গলবারই তাঁর এবং জিগনেশ মিভানির আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেওয়ার কথা। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, দু’দিন আগে পাটনায় সিপিআইয়ের বিহার রাজ্য দফতরে কানহাইয়া যে ঘরে বসতেন সেই ঘর থেকে এসি মেশিনটা খুলে নিয়ে গিয়েছেন।
সিপিআইয়ের বিহারের রাজ্য সম্পাদক রামনরেশ পাণ্ডে বলেন, “দু’দিন আগে এসে কানহাইয়া এসি মেশিনটি খুলে নিয়ে গিয়েছেন। ওটা ব্যক্তিগত ভাবে তিনিই পার্টি অফিসে বসিয়েছিলেন।”
এমনিতে কমিউনিস্ট পার্টির দফতরে এসি মেশিন এখন খুব স্বাভাবিক হয়ে গিয়েছে। তার কিছু কারণও রয়েছে। অনেক কম্পিউটর, সার্ভার রুম থাকে। ফলে বৈজ্ঞানিক কারণেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের প্রয়োজন হয়। তবে কমিউনিস্ট পার্টির কোনও সর্বক্ষণের কর্মী ব্যক্তিগত ভাবে পার্টি অফিসে এসি মেশিন বসাচ্ছেন আবার তা অন্য দলে যাওয়ার সময় খুলেও নিয়ে যাচ্ছেন, এ বোধহয় বিরল ঘটনা।
রামনরেশ পাণ্ডে সংবাদসংস্থা এএনআই-কে এও বলেছেন, সেপ্টেম্বরের ৪-৫ তারিখ সিপিআইয়ের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল। সেখানে কানহাইয়া উপস্থিত ছিলেন। কিন্তু যা বলেছিলেন তাতে কখনও মনে হয়নি তিনি পার্টি ছাড়তে পারেন।
তবে কানহাইয়া শুধু পার্টি ছাড়লেন না, পার্টি অফিস থেকে খুলে নিয়ে গেলেন এসি মেশিনও।