দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি বিলের বিরুদ্ধে প্রায় দুমাস যাবত কৃষকরা আন্দোলনরত। এর মধ্যেই কেন্দ্রের সঙ্গে বহুবার বৈঠকেও বসেছেন তাঁরা। কিন্তু তার পরেও নিজেদের সিদ্ধান্তে অনড় কৃষকেরা। এই পরিস্থিতিতে শুরু থেকেই আন্দোলনরত কৃষকদের নিয়ে ব্যাঙ্গাত্মক ও কুরুচিকর মন্তব্য করে এসেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বলিউডের যেসমস্ত সেলেব্রিটিরা কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদেরকেও ছেড়ে কথা বলেননি কঙ্গনা। এবারে তিনি তাক করলেন রিহানা এবং গ্রেটাকে।
কৃষকদের আন্দোলনের পক্ষে শুরুতেই অবশ্য পাশে ছিলেন অনেকেই। দিলজিৎ দোসাঞ্জ, রিচা চাড্ডা, প্রিয়াঙ্কা চোপড়ার মতো সেলেব্রিটিরা সেই তালিকায় রয়েছেন। অথচ বলিউডের প্রথম সারির অভিনেতাদের মুখে কুলুপ এঁটে বসে থাকতে দেখেছেন সকলেই। এই আন্দোলনে পাশে এবার দাঁড়িয়েছেন পপ গায়িকা রিহানা, জলবায়ু নিয়ে আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। আর তাতেই কঙ্গনার মেজাজ গিয়েছে বিগড়ে।
গতকালই টুইটারে নানারকম আপত্তিকর মন্তব্য করতে থাকেন কঙ্গনা। কৃষকদের সন্ত্রাসবাদী বলতেও ছাড়েননি তিনি। একইসঙ্গে রিহানার স্টেজ শো'র বিভিন্ন ছবি পোস্ট করে, তাঁকে বিশ্রীভাবে টেনে নামানোয় উদ্যোগী হয়ে উঠেছেন তিনি। আবার ছেড়ে দেননি সদ্যতরুণী গ্রেটাকেও।
একটি টুইট করে কঙ্গনা লিখেছেন, "শখের আন্দোলনকারীরা আমাদের সত্যিকারের পরিবেশবিদ ঠাকুমাদের নিয়ে কথা বলেন না। তাঁরা 'ডাম্ব' এবং 'স্পয়েল্ট ব্র্যাট' গ্রেটা থুনবার্গকে সমর্থন করেন, যে গ্রেটা পুরোপুরি স্কুল, পড়াশোনা ভুলে গিয়ে বাম শিবিরের হয়ে কাজ করে।" সেই সঙ্গে কোয়ম্বত্তূরের বৃদ্ধার কথা যোগ করেন কঙ্গনা, ১০৫ বছর বয়সের যে মানুষটি পদ্মশ্রী পেয়েছেন বিপুল গাছ লাগিয়ে।
https://twitter.com/KanganaTeam/status/1356833041575014400
অনেকের মতে, কঙ্গনা এখন লাগামছাড়া কথা বলছেন। বারংবার তাঁর মন্তব্য, টুইটকে ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে যাচ্ছে। বিপাকে পড়েও তিনি থামছেন না। গেরুয়া শিবির ঘেঁষা কঙ্গনা নিজেকে আবার 'সাচ্চা হিন্দুস্তানি'ও মনে করেন। দেশের সমস্যা নিয়ে বাইরের মানুষ কেন কথা বলছেন, এখানেই তাঁর আপত্তি।
গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্র্যাক্টর ব়্যালিকে কেন্দ্র করে এক ধুন্ধুমার পরিবেশের সৃষ্টি হয় দিল্লিতে। লালকেল্লার মাথার উপরে জাতীয় পতাকার পাশে 'নিশান সাহিব'কে খালিস্তানি পতাকা মনে করেছেন অনেকেই। এমনকি কৃষকদের সেই আচরণকে সমর্থনও করেননি বহু মানুষ। এই নিয়েই বির্তকের জল গড়িয়ে গেছে বহুদূর। এবার রিহানা, গ্রেটার মতো আরও অনেক সেলেব্রিটিরা দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানাচ্ছেন। বলা যেতে পারে, সেই কারণেই বলিউড এখন দ্বিধাবিভক্ত।
এদিকে বুধবারই ভারতের বিদেশমন্ত্রক থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে সেলিব্রিটিদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। এরপর ফের ভারতে কৃষক আন্দোলন নিয়ে টুইট করলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। চলতি বছরে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত গ্রেটা ফেসবুকে তাঁর ফলোয়ারদের উদ্দেশে আবেদন জানিয়েছেন, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি আপনার নিকটবর্তী ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান।