
শেষ আপডেট: 13 May 2022 06:38
দ্য ওয়াল ব্যুরো: মাত্র দু'সপ্তাহের ফারাকে কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga) এবং অন্নপূর্ণা-- এই দু-দুটি শৃঙ্গ ছুঁয়ে ফেলেছেন হিমাচলের তরুণী বলজিৎ কৌর! ২৭ বছরের তরুণীর এবার লক্ষ্য মাউন্ট এভারেস্ট এবং লোৎসে। এত কম সময়ে দু'টি আট হাজারি শৃঙ্গ সামিট করে ইতিমধ্যেই ভারতীয় মহিলা হিসেবে রেকর্ড গড়েছেন বলজিৎ। এবার আরও দু'টি শৃঙ্গে তিনি সফল হলে তা হবে আরও এক ঐতিহাসিক রেকর্ড।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে হিমাচলের মেয়ে বলজিৎ লিখেছেন, মাউন্ট অন্নপূর্ণা সামিটের পথে আবহাওয়া এত খারাপ হয়ে গিয়েছিল যে, একটা সময় মনে হচ্ছিল প্রাণ নিয়ে ফিরতে পারবেন কিনা! প্রাণ নিয়ে ফিরেছেন শুধু নয়, তার পরেই ছুঁয়ে ফেলেছেন কাঞ্চজঙ্ঘা (Kanchenjunga)।

পর্বতারোহণ আয়োজক সংস্থা 'পিক প্রোমোশন'-এর ডিরেক্টর পাসাং শেরপা বলেছেন, বৃহস্পতিবার ভোর চারটে কুড়ি মিনিটে ৮৫৮৬ মিটার উঁচু কাঞ্চনজঙ্ঘা শীর্ষে আরোহণ করেন বলজিৎ। ২৮ তারিখেই সামিট করেছিলেন ৮০৯১ মিটার উঁচু মাউন্ট অন্নূর্ণা। তিনি ইতিমধ্যেই এভারেস্ট অভিযানের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।
ইতিমধ্যেই আমাদের চন্দননগরের তরুণী পিয়ালী বসাক এভারেস্ট অভিযানে রয়েছেন। একইসঙ্গে বলজিৎ কৌরও থাকবেন বলে জানা গেছে। গতবছর পিয়ালী যখন ৮১৬৭ মিটার উঁচু মাউন্ট ধৌলাগিরি শৃঙ্গ স্পর্শ করেছিলেন বিনা অক্সিজেনে, সেই অভিযানে তাঁরই সঙ্গে ছিলেন এই বলজিৎ।

কৃত্রিম অক্সিজেন ছাড়াই এভারেস্টের পথে পিয়ালী, হার না-মানা কাহিনি চন্দননগরের তরুণীর
গত সপ্তাহেই খবর এসেছিল, মাত্র ৩০ বছর বয়সে পাঁচ-পাঁচটি আট হাজার মিটারের শৃঙ্গ আরোহণ করে ইতিহাস গড়ছেন মহারাষ্ট্রের প্রিয়াঙ্কা মোহাইত। ২০১৩ সালে মাত্র ২১ বছর বয়সে বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্ট (৮৮৪৮ মিটার) আরোহণ করে ফেলেন প্রিয়াঙ্কা। এর পরে ২০১৬ সালে মাকালু (৮,৪৮৫ মিটার), ২০১৮ সালে লোৎসে (৮,৫১৬ মিটার)। এর পরে গত বছর এপ্রিলেই ৮০৯১ মিটার উচ্চতার অন্নপূর্ণা আরোহণ করছিলেন প্রিয়াঙ্কা। গত বৃহস্পতিবার কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga) ছুঁয়ে ফেলে গড়েন আরও এক রেকর্ড।

এবার সাতদিনের মাথায় ফের কাঞ্চনজঙ্ঘা ছুঁয়ে আরও এক রেকর্ডের মুখে দাঁড়িয়ে হিমাচলপ্রদেশের বলজিৎ কৌর।
কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্ব করলেন প্রিয়াঙ্কা! ৫টি ৮-হাজারি শৃঙ্গ ছুঁলেন প্রথম ভারতীয় মহিলা