
শেষ আপডেট: 15 March 2024 18:37
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: এবারের কোন্নগর থেকে তৃণমূল প্রার্থী হয়ে লড়াই করতে চলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে প্রচারে নামলেন বিধায়ক কাঞ্চন মল্লিক। শুক্রবার সকালে কল্যাণবাবুর নামে দেওয়াল লিখে প্রচার করেন তিনি।
কাঞ্চন বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মানুষকে নতুন করে বলার কিছুই নেই। এলাকার মানুষের উন্নয়নে তিনি যা করেছেন, তা সকলের জানা আছে। তিনি স্থানীয়দের কাছে অনেকটাই অভিভাবকের মতো। তিনি হ্যাটট্রিক করেছেন, এবার বাউন্ডারি পার করবেন।"
শনিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। তারপরে আরও জোরদার প্রচারের নামবে সমস্ত রাজনৈতিক দল। রাজ্যে ধীরে ধীরে ভোটের হাওয়া গরম হতে শুরু করেছে। দেওয়াল লিখনও অনেক জায়গায় শেষের পথে, প্রার্থীরাও পথে নেমে প্রচার শুরু করেছেন।
ইতিমধ্যেই জনসংযোগে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও। তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। একই ইন্ডাস্ট্রিতে থাকার কারণে লকেট ও রচনা দুজনের সঙ্গেই কাঞ্চন মল্লিকের ভাল সম্পর্ক রয়েছে। ইদানীং রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় শোতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স করতে দেখা যায় কাঞ্চন মল্লিককে।
হুগলি লোকসভা কেন্দ্র থেকে দুই প্রার্থীর মধ্যে কে জয়ী হতে পারেন, সেবিষয়ে জিজ্ঞেস করা হলে মৃদু হেসে কাঞ্চন মল্লিক বলেন, "গত পাঁচ বছর হুগলিতে লকেট চট্টোপাধ্যায়কে বিশেষ দেখা যায়নি। তবে রচনা ব্যানার্জী অনেক বেশি মানুষের কাছে, মানুষের পাশে যেতে পারবেন।"
২০২১ বিধানসভায় নির্বাচনে উত্তরপাড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কাঞ্চন মল্লিক। জয়ী হওয়ার পর নিজের বিধানসভা এলাকায় তেমন দেখা পাওয়া যায় না তাঁকে এমনই অভিযোগ তোলেন বিরোধীরা। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিধানসভায় কয়েকটি অফিস আছে। সেখানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বসি। শনিবার আসি। এখন যদি কেউ বলে দেখতে পাচ্ছি না তাহলে প্রত্যেকের বাড়িতে গিয়ে অফিস খুলতে হবে সেটা তো সম্ভব না।‘