মৃতদেহে পচন ধরায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় মেডিকেল কলেজে হবে ময়নাতদন্ত। ওয়ালস হাসপাতালে সেই পরিকাঠামো এবং বিশেষজ্ঞ না থাকাতেই এই সিদ্ধান্ত।

শেষ আপডেট: 31 May 2025 12:15
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হল কানাইপুরের নাবালিকার দেহ। সেখানেই হবে ময়নাতদন্ত। শুক্রবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। মৃতদেহে পচন ধরায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় মেডিকেল কলেজে হবে ময়নাতদন্ত। ওয়ালস হাসপাতালে সেই পরিকাঠামো এবং বিশেষজ্ঞ না থাকাতেই এই সিদ্ধান্ত।
কানাইপুরে নাবালিকাকে খুন ধর্ষণের ঘটনায় বিএনএস এর কয়েকটি ধারা এবং পকসো ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্ত অসীম মজুমদারের বিরুদ্ধে। শুক্রবার তাকে শ্রীরামপুর আদালতে পেশ করে তিনদিনের হেফাজতে নেয় পুলিশ। অভিযুক্ত অসীম নাবালিকাকে গলা টিপে খুনের কথা কবুল করেছে বলে পুলিশের দাবি। ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে।
গত মঙ্গলবার বিকাল চারটের সময় কানাইপুর কলোনির বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন বছর তেরোর নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পড়শি যুবক অসীম। তারপর থেকেই তার আর খোঁজ পাওয়া যায়নি। দুদিন ধরে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়। আনা হয়েছিল পুলিশ কুকুরও। স্থানীয় একটি পুকুরের পারে পুলিশ কুকুর এসে থমকে যাওয়ায় ডুবুরি নামিয়ে তল্লাশিও চালানো হয়। অবশেষে দু'দিন পর বৃহস্পতিবার রাতে বাড়ির কাছে ন'পাড়ার একটি মাঠ থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। ওই রাতেই অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয়রা। মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।