
শেষ আপডেট: 3 February 2024 19:10
দ্য ওয়াল ব্যুরো: হাত-পা বাঁধা অবস্থায় এক বালকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে অগ্নিগর্ভ কামারহাটি। শনিবার বিকেলে অবরোধ করা হয় বিটি রোড। স্তম্ভ হয়ে যায় যান চলাচল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩০ জানুয়ারি থেকে নিঁখোজ ছিল ইমতিয়াজ হোসেন। অনেক খোঁজাখুজি করেও বছর আটের ছেলেটিকে খুঁজে পায়নি তাঁর পরিবার। এরপর পরিবারের তরফে খড়দা থানায় মিসিং ডায়েরিও করা হয়। এরপর ৫ দিন পর শনিবার কামারহাটি এলাকার জুটমিলের মাঠের পাশে একটি জলাশয়ের ধার থেকে ইমতিয়াজের মৃতদেহ উদ্ধার হয়েছে।
এদিন হাত-পা বাঁধা অবস্থায় বালকের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসীরা। মৃতদেহের মুখে গোঁজা ছিল কাপড়। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ অবরোধ করে রেখেছে বিটি রোড।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা রিকশা চালান। অভাবের সংসারে বড় হচ্ছিল শিশুটি। স্থানীয়দের তরফে জানা যায়, কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না শিশুটির পরিবার। খুন করে ওই বালককে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের।
ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ। কে-কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবারের কারোর সঙ্গে শত্রুতা ছিল কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।
এদিন পুলিশ এসে বিক্ষোভ তুলে গেলে বচসা বেঁধে যায়। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। তবে ২৪ ঘন্টা মধ্যে অপরাধীদের গ্রেফতারে দাবি জানায় স্থানীয়রা। ঘটনাটি কেন্দ্র করে বিটি রোডে ব্যপক যানজট তৈরি হয়। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।