
শেষ আপডেট: 15 August 2023 08:15
দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে খুন হয়ে গেলেন কামালগাজির এক যুবক (Kamalgazi Murder)। সোমবার রাতে নিজের বাড়ির সামনেই দুষ্কৃতীরা তাঁকে গুলি করে পালায়। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, মৃত যুবকের নাম শাহিদ মণ্ডল (২৬)। কামালগাজির ফরতাবাদ এলাকার একটি আবাসনে থাকতেন তিনি। বাবা শাহাজান মণ্ডলের আলু-পেঁয়াজের ব্যবসা দেখাশোনা করতেন শাহিদ।
পরিবার সূত্রে খবর, অন্যদিনের মতো সোমবার সন্ধ্যায় ব্যবসার টাকা আদায়ের জন্য বেরিয়েছিলেন শাহিদ। কিন্তু রাত বাড়লেও বাড়ি ফেরেননি। রাতের দিকে বিকট শব্দ শুনে বেরিয়ে আসেন স্থানীয়রা। তাঁরাই দেখতে পান রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শাহিদ।
স্থানীয়রাই নরেন্দ্রপুর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা এসে শাহিদকে উদ্ধার করে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এলাকায় খুবই ভাল ছেলে বলে পরিচিত ছিলেন শাহিদ। কারও সঙ্গেই বিবাদে জড়াতেন না। নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন তিনি, এমনই দাবি স্থানীয়দের। এমন ছেলের ওপর কার রাগ থাকতে পারে, সেটাই বুঝতে পারছেন না কেউই। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, খুনের মোটিভ কী, সেগুলিই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: চুড়ি খুলে চোর ধরলেন বধূ! মাঝরাতে ক্যানিংয়ে শোরগোল