
শেষ আপডেট: 29 November 2023 13:29
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় গত বছর গ্রেফতার করা হয়েছিল তাঁকে। তারপর থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি। ১ বছরেরও বেশি জেলজীবন কাটানোর পর কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে মুক্ত দিয়েছে কল্যাণময়কে।
আদালত জানিয়েছে, জামিন পেলেও কিছু শর্ত মানতে হবে তাঁকে। তদন্তে তাঁকে সহযোগিতা করতে তো হবেই, সেই সঙ্গে রয়েছে আরও কিছু বিধিনিষেধ। কলকাতা পুরসভা এলাকাতেই থাকতে হবে তাঁকে। এছাড়া পার্ক স্ট্রিট থানা এবং বিধাননগর কমিশনারেট এলাকায় ঢুকতে পারবেন না মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। পাসপোর্ট থাকলে নিম্ন আদালতে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রাজ্য সরকারি স্কুলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে গত বছরের সেপ্টেম্বর মাসে সিবিআই গ্রেফতার করেছিল কল্যাণময়কে। তারপর একাধিকবার তাঁর জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল আদালত। তাঁর সই করা জাল নিয়োগপত্র কাজে লাগিয়েই স্কুল সার্ভিস কমিশনে একের পর এক ভুয়ো নিয়োগ হয়েছে বলে দাবি করেছিল কেন্দ্রীয় এজেন্সি। কল্যাণময় ছাড়াও নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছিল এসএসসি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক কর্তাব্যক্তিকে, যাঁদের মধ্যে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, শান্তিপ্রসাদ সিনহা।
এছাড়া শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের দুই বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও মানিক ভট্টাচার্যকেও গ্রেফতার করা হয়েছে। তাঁরা কেউই এখনও জামিন পাননি। কয়েকদিন আগে নিয়োগ দুর্নীতির 'মিডলম্যান' প্রসন্ন রায়ের জামিনের আবেদন মঞ্জুর করেছিল আদালত। এবার শর্তসাপেক্ষে হলেও মুক্তি পেলেন কল্যাণময়ও।