প্রতি বছর দুর্গাপুজোর সময় সন্ধিপুজোয় তাঁর এমন আবেগঘন মুহূর্তের সাক্ষী থেকেছে মানুষ। এবার সেই একই দৃশ্য দেখা গেল কালীপুজোতেও।
.jpeg.webp)
কল্যাণ বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 21 October 2025 18:51
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর রাতে (Kali Puja) এক আবেগঘন দৃশ্য ধরা পড়ল বাঁকুড়ায়। নিজের দোলতলার বাড়িতে পুজোয় বসেছিলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। দেবীমূর্তির সামনে মন্ত্রপাঠ, আরতি— সবকিছু চলছিল যথারীতি। কিন্তু কিছুক্ষণ পরেই দেবীমূর্তিকে আঁকড়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন কল্যাণ। চোখের জল মুছতে মুছতে গলায় কাঁপুনি নিয়ে বলতে শোনা গেল, “ভাল রেখো মা। শক্তি দিও, জ্ঞান দিও, বুদ্ধি দিও।”
প্রতি বছর দুর্গাপুজোর সময় সন্ধিপুজোয় তাঁর এমন আবেগঘন মুহূর্তের সাক্ষী থেকেছে মানুষ। এবার সেই একই দৃশ্য দেখা গেল কালীপুজোতেও। কল্যাণের কথায়, “মায়ের কাছে এলেই কাঁদি। মায়ের কাছেই তো কাঁদে ছেলে! ছেলে কি অন্য কোথাও কাঁদে? মায়ের কাছেই হাসে, মায়ের কাছেই কাঁদে। আর কার কাছে কাঁদবে? শক্তি, জ্ঞান, বুদ্ধি আর ভক্তি চাইলাম। বিশ্বমাতা, জগজ্জননী সবাইকে ভাল রাখুক।”
এদিকে রাজ্যজুড়ে কালীপুজোর উৎসবের আমেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা গিয়েছে বাড়ির পুজোয় অংশ নিতে। নৈহাটির ‘বড় মা’ মন্দিরে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন পার্থ ভৌমিক। পুজো দিয়ে আরতিও করেন তাঁরা।
তবে আনন্দের এই উৎসবের মধ্যেও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দূষণ ও আইনভঙ্গ। দীপাবলির রাতে কলকাতা-সহ একাধিক জেলায় নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হয়েছে দেদার। কলকাতায় এক রাতেই গ্রেফতার ৬৪০ জন— যার মধ্যে ১৮৩ জন বাজি সংক্রান্ত অপরাধে, ৪৫১ জন অভব্য আচরণের অভিযোগে, এবং জুয়া খেলায় ধৃত ৬ জন। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৮৫২ কেজি নিষিদ্ধ বাজি ও ৬৮ লিটার মদ।
শহরের পুলিশ কমিশনার মোজ ভার্মা জানিয়েছেন, “গত বছরের তুলনায় এ বছর শব্দদূষণের মাত্রা কিছুটা কম হলেও অভিযোগ এসেছে একাধিক জায়গা থেকে। ১০০-রও বেশি গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”