
শেষ আপডেট: 13 December 2023 09:43
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার খোঁজ নিতে সোমবারই এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দুই আধিকারিক। তার ২৪ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার কাকুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালকে অফিশিয়ালি চিঠি পাঠিয়েছিল ইডি। সেই দিনই সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থা সামান্য উন্নতি হয়েছে বলে খবর। এদিন রাতে আইসিসিউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে কালীঘাটের কাকুকে।
কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা নিয়ে দীর্ঘদিন ধরেই টানা পড়েন চলছে। এসএসকেএম হাসপাতালে নমুনা সংগ্রহের জন্য পরিকাঠামো না থাকায় গত শুক্রবার সুজয়কৃষ্ণকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল ইডি। কিন্তু তার ঠিক আগের রাতেই অর্থাৎ বৃহস্পতিবার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা যায়, সুজয়কৃষ্ণ গুরুতর অসুস্থ।
সেই ঘটনার পর থেকেই কাকুকে 'বাগে' আনতে আরও উঠে পড়ে লেগেছিলেন ইডি কর্তারা। সোমবার কেন্দ্রীয় এজেন্সির দুই কর্তা সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার খোঁজ নিতে সশরীরে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন। তারপর মঙ্গলবার কাকুর অসুস্থতার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ মেডিকেল রিপোর্ট চেয়ে অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছিল ইডির তরফে।
সূত্রের খবর, সামান্য কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়ে যেভাবে গত কয়েক মাস ধরে বাধার মুখে পড়তে হচ্ছে ইডিকে, তাতে কাকুকে সিসিটিভির আওতাধীন করে রাখার জন্য আর্জি জানানো হবে কিনা, তা নিয়ে ভাবনা চিন্তা করছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা।
ইডি আঁটঘাট বেঁধে মাঠে নামার মধ্যেই আইসিসিইউ থেকে কেবিনে দেওয়া হল সুজয়কৃষ্ণকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই কেবিনের বাইরে পাহারায় রয়েছেন বলে জানা গেছে। অনুমান, কাকুর শারীরিক অবস্থা খানিক স্থিতিশীল হওয়াতেই এই পদক্ষেপ। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি তাহলে সুজয়কৃষ্ণের জোকা যাত্রা হবে? নাকি সেই নিয়ে টালবাহানা জারি থাকবে এর পরেও?