
শেষ আপডেট: 30 December 2023 16:33
দ্য ওয়াল ব্যুরো: গত নভেম্বর মাসেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন, কালীঘাট মন্দিরের সংস্কারের কাজের ভার এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হাতে। রাজ্য সরকার আগেই মাতৃ মন্দিরের সংস্কারের কাজ শুরু করেছিল। দক্ষিণেশ্বরের মতো এখানেও স্কাই ওয়াক তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই শোনা গেল, কালীঘাট মন্দিরের চূড়া এবার মুড়ে ফেলা হবে খাঁটি সোনা দিয়ে। তার পরিমাণ অন্তত ৫০ কেজি!
একদিকে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে দেশজুড়ে উন্মাদনা। অযোধ্যায় তৈরি হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। আগামী ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। তার সঙ্গেই পাল্লা দিয়ে এবার সেজে উঠতে চলেছে কলকাতার এই বিখ্যাত সতীপীঠ। জানা গেছে, গর্ভগৃহ তো বটেই, ভোগের ঘর, নাট মন্দির, মূল মন্দির, থেকে শুরু করে বলির জায়গা পর্যন্ত সংস্কার করে ভোল বদলে ফেলা হবে সমগ্র চত্বরেরই। আর মন্দিরের চূড়া মুড়ে ফেলা হবে সোনা দিয়ে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কালীঘাট মন্দিরের সংস্কারের দায়িত্ব তুলে দিয়েছিলেন আম্বানিদের হাতে। তারপর থেকেই সেই দায়িত্ব পালন করছে রিলায়েন্স। এর আগে মাতৃ মন্দিরের সংস্কারের দায়িত্ব অর্পণ করা হয়েছিল কলকাতা পুরসভার উপর। কিন্তু করোনা অতিমহামারী কারণে সেই কাজ থমকে যায়। ফলে দেড় বছরের মধ্যে সংস্কারের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বলতে গেলে তার প্রায় শুরুই করা যায়নি। তাছাড়া স্কাইওয়াক এবং মন্দিরের প্রবেশপথ প্রশস্ত করার জন্য দোকানিদের উচ্ছেদ করা নিয়েও নতুন করে এক প্রস্থ ঝামেলা শুরু হয়েছিল।
তবে রিলায়েন্স মন্দির সংস্কারের দায়িত্ব নেওয়ার পর থেকে কাজ বেশ দ্রুতগতিতেই এগোচ্ছে বলে খবর। ইতিমধ্যেই ৬০ শতাংশেরও বেশি কাজ হয়ে গেছে বলে জানা গেছে। বাকিটুকুও খুব দ্রুত সেরে ফেলা হবে বলে জানা গেছে। সেই কাজের মধ্যেই রয়েছে মন্দিরের চূড়া সোনা দিয়ে মুড়ে ফেলার বিষয়টি। এমনিতেই কালীঘাট মন্দিরের খ্যাতি দেশজোড়া। সংস্কার কার্য শেষ হলে অমৃতসরের স্বর্ণমন্দিরের মতোই কলকাতার এই সতীপীঠ মানুষের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।